বুড়িগঙ্গায় অভিযান এক বিঘা জায়গা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের কাছে রামচন্দ্রপুর মৌজায় বুড়িগঙ্গা নদীর প্রায় এক বিঘা জায়গা উদ্ধার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঢাকা জেলা প্রশাসনের সহায়তায় গত সোমবার বেলা ১১টার দিকে পুলিশ ও নিজস্ব শ্রমিকদের অংশগ্রহণে এ অভিযান শুরু হয়। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ব্যবসায়ী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড, রাকিব এন্টারপ্রাইজ ও সানফ্লাওয়ার এন্টারপ্রাইজ নদীর জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল। বিআইডব্লিউটিএর টাগবোটে পে-লোডার স্থাপন করে এগুলোর আংশিক ভেঙে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ পালনের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
এ ছাড়া তিন দিনের মধ্যে নদীর জায়গা থেকে বালু, মাটি ও অন্য নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর) মো. সাইফুল ইসলাম জানান, নদীর সীমানাখুঁটির ২০ থেকে ১০০ ফুট ভেতরে এসব স্থাপনা নির্মাণের কারণে নির্ধারিত পায়ে চলার পথ (ওয়াকওয়ে) নির্মাণ থেমে ছিল। সীমানাখুঁটির ভেতরে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে এসব প্রতিষ্ঠানকে দফায় দফায় চিঠি লিখে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালেও কাজ হয়নি। বাধ্য হয়ে অভিযান চালাতে হয়।