বুড়িগঙ্গায় ট্রলারডুবি: ভেসে ওঠল আরও এক লাশ
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আজ শুক্রবার সকালে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জমিলা খাতুন। বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার মৃত আব্দুর রশিদের স্ত্রী।
এ নিয়ে এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯ জনে। নিখোঁজ রয়েছেন ৪ জন। সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ট্রলারটি চাঁদপুরের বেলতলী লেংটার মেলা থেকে ৭০ থেকে ৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা পৌনে একটার দিকে আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ‘সাথীবুল বাহার ২’ নামের বালুবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। আশপাশের লোকজনের সহায়তায় ট্রলারের বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ থাকেন বেশ কয়েকজন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সোয়া ছয়টা নাগাদ নদী থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় ছমির উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। পরে আরও একটি লাশ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় ট্রলারের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে ফতুল্লার পানগাঁও এলাকায় নদীতে ভেসে ওঠে জমিলা খাতুনের লাশ।
আলীগঞ্জ খেলার মাঠ ঘাটে স্বজনদের অপেক্ষায় থাকা কয়েকজন জানান, এখনো নিখোঁজ রয়েছেন ঢাকার লালবাগ এলাকার রাসেল (১৯), মো. কাজল (২৫), সামাদ (২৫) ও আলমগীর হোসেন (৩০)।
কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামালউদ্দিন জানান, ‘এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কতজন নিখোঁজ এ বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে শুনেছি। তাদের খোঁজে নদীতে উদ্ধার অভিযান চলছে।’