বুড়িগঙ্গায় নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর সদরঘাট টার্মিনাল এলাকায় আজ বুধবার সকালে মাঝনদীতে লঞ্চের সঙ্গে ধাক্কায় নৌকা ডুবে মা ও শিশু মারা গেছে। 
এ দুর্ঘটনায় একই পরিবারের একজন আহত হন। নিখোঁজ রয়েছেন আরেকজন।
নিহত মায়ের নাম খাদিজা বেগম (৩৫)। তাঁর শিশুপুত্রের নাম ওবায়দুল ইসলাম। বয়স ২২ দিন।
আহত হয়েছেন খাদিজার স্বামী ওহাব মিয়া। নিখোঁজ রয়েছেন ওহাবের মা সেতারা বেগম।
ওহাবকে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত খাদিজার মামাতো ভাই সাইফুল ইসলামের ভাষ্য, পরিবারটির সদস্যরা সাভারে থাকেন। তাঁদের বাড়ি পটুয়াখালী। আজ সকালে তাঁরা পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। সদরঘাট টার্মিনাল এলাকায় মাঝনদীতে থাকা এমভি পূবালী লঞ্চে ওঠার জন্য সকাল নয়টার দিকে তাঁরা একটি নৌকা নেন। মাঝনদীতে একই লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে গেলে হতাহতের ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বলেন, নিখোঁজ সেতারার অনুসন্ধান চলছে।