বুড়িগঙ্গায় নৌকাবাইচ

দখল ও দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আমার নদী, আমার জীবন’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিকেলে বুড়িগঙ্গা নদীতে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী
সেতু-১ সংলগ্ন কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় খেয়া নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জের এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন ও এভারেস্ট একাডেমির যৌথ উদ্যোগে এর আয়োজন করে।
কেরানীগঞ্জের শ্যামপুরঘাট থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে হাসনাবাদ এলাকায় গিয়ে শেষ হয়। এক মাঝি, তিন মাঝি ও পাঁচ মাঝি এই তিন ইভেন্টে শতাধিক খেয়া নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। বুড়িগঙ্গা তীরবর্তী শ্যামপুর ও হাসনাবাদ এলাকায় হাজার হাজার মানুষ নদীর তীরে ভিড় জমায়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে রঙিন টিভি, মোবাইল ফোন ও চার্জার লাইট পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ বাঁচাও আন্দেলনের চেয়ারম্যান আবু নাসের খান ও বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম।