বুড়িগঙ্গায় ভাসমান বস্তা থেকে যুবককে জীবিত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে ভাসমান বস্তা থেকে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কামালবাগে বেড়িবাঁধসংলগ্ন নদী থেকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ ওই যুবককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে।
চকবাজার থানা পুলিশের সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে চকবাজার থানার কামালবাগ বেড়িবাঁধসংলগ্ন নদীতে একটি সাদা প্লাস্টিকের বস্তা ভাসমান দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা বস্তাটি তুলে খোলার পর দেখেন, ভেতরে এক যুবক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। একপর্যায়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ওই যুবককে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে ওই যুবকের ভাই পরিচয় দেওয়া মো. মাসুদ নামের একজন সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া যুবকের নাম সোহেল। তিনি বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জের আগানগর বৌবাজার এলাকার এক মেসে থাকেন। পেশায় রাজমিস্ত্রি।
মাসুদ জানান, কারা এবং কেন তাঁকে বস্তায় ভরে নদীতে ফেলল, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া চকবাজার থানার লালবাগ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। শরীরের কয়েক জায়গায় চামড়া ছিল ছিলা। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে বস্তাবন্দী করে নদীতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বস্তাটি মানুষের নজরে পড়ায় সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি। হাসপাতালে নেওয়ার সময় ওই যুবক কোনো কথা বলতে পারেননি। শুধু নিজের নাম ও একটি মুঠোফোন নম্বর লিখে দেন। ওই মুঠোফোনে যোগাযোগ করে তাঁর স্বজনদের খবর দেওয়া হয়।