বুড়িগঙ্গার তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার বুড়িগঙ্গা নদীর তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীর প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় পাঁচ লাখ টাকার বাঁশ জব্দ করা হয়।
বিআইডব্লিউটিএ সূত্র জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-সংলগ্ন নদীর তীরে কেরানীগঞ্জের আগানগর এলাকায় বেড়িবাঁধে গড়ে ওঠা ছোট-বড় ২০টি টংঘর ও ইট-বালুর দোকান উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়। জিনজিরা ও মান্দাইল এলাকায় একটি দোতলা ভবন এবং আটটি আধা পাকা দোকানঘর, টংঘরসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া আগানগর বেড়িবাঁধ এলাকায় নদীর তীরে বাঁশ ফেলে ব্যবসা করা এবং নদীর প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের বাঁশ জব্দ করা হয়।
ঢাকা নদীবন্দরের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উচ্চ আদালতের নির্দেশে ঢাকার চারপাশের নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে।
ঢাকা জেলার নির্বাহী হাকিম মো. জামিল মাহমুদ এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এতে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গোলজার আলী, ঢাকা নদীবন্দরের কর্মকর্তা মো. শাহজালালসহ অর্ধশতাধিক পুলিশ ও আনসার সদস্য এবং শ্রমিক অংশ নেন।