বুড়িগঙ্গার মতো পরিণতি হবে কর্ণফুলী ও হালদার?
অসচেতনতা ও নজরদারির অভাবে হালদা ও কর্ণফুলী দখল-দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্ণফুলী ও হালদা বাঁচাতে সবার এগিয়ে আসতে হবে। তা না হলে বুড়িগঙ্গার মতোই পরিণতি হতে পারে কর্ণফুলী ও হালদার।
গতকাল সোমবার চট্টগ্রাম ওয়াসা মিলনায়তনে ‘দূষণমুক্ত নগরী ও কর্ণফুলী সুরক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা প্রতিনিয়ত দূষিত হচ্ছে। কর্ণফুলীর মোহনায় গড়ে ওঠা চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের চালিকাশক্তি। এই দুই নদী ধ্বংস হয়ে গেলে দেশের অর্থনীতি বাঁচবে না।
বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে চট্টগ্রাম ওয়াসা ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন চট্টগ্রামের সহসভাপতি ইদ্রিস আলী, চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল, সচিব মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী জানে আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মকবুল হোসেন, মেট্রো অঞ্চলের পরিচালক আজাদুর রহমান প্রমুখ।
অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বুড়িগঙ্গার মতো পরিণতি হতে পারে কর্ণফুলী ও হালদার। নগরের ৬০ লাখ অধিবাসীর সুপেয় পানির উৎসও এ দুই নদী। ওয়াসার উচিত ছিল এ নদীগুলো রক্ষায় আন্তরিক হওয়া। সব পয়োবর্জ্যই সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন চট্টগ্রামের সহসভাপতি ইদ্রিস আলী বলেন, নদীর দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য শিল্পকারখানা। এসব কারখানা থেকে প্রতিদিন দুই হাজার টন বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। শুধু দূষণ নয়, বর্জ্য ও পলি জমে কর্ণফুলী নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে।
চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল বলেন, ওয়াসার অনেক সীমাবদ্ধতা রয়েছে। ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশনের মতো সংস্থাকে পরিবেশ রক্ষায় সমন্বিতভাবে কাজ করতে হবে।
পয়োবর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে ওয়াসার প্রধান প্রকৌশলী জানে আলম বলেন, এ বিষয়ে প্রকল্প হাতে নেওয়া হবে। এ জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিচালক আজাদুর রহমান বলেন, কোন কোন শিল্পকারখানায় ইটিপি (বর্জ্য পরিশোধনাগার) নেই তা দেখা হচ্ছে। শিগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।