বুড়িগঙ্গাসহ সব নদীর পানিতে দূষণ বন্ধের দাবি
মিল-কারখানার বর্জ্য এবং পয়োবর্জ্য যেন নদী, খাল, পুকুর ও জলাশয়ে গিয়ে দূষণ না করতে পারে, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে গ্রিন মাইন্ড সোসাইটি ও স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা। বুড়িগঙ্গাসহ দেশের সব নদনদীর পানি রক্ষায় সবাইকে একযোগে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। গতকাল শুক্রবার বুড়িগঙ্গা নদীর তীরে খোলামোড়া ঘাটে অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা এ দাবি জানান।
বিশ্ব পানি দিবস উপলক্ষে গ্রিন মাইন্ড সোসাইটি ও স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা যৌথভাবে এই কর্মসূচি পালন করে। সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদের সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি উম্মে সালমা, সহসভাপতি ইসরাত জাহান, মানবাধিকারকর্মী আনোয়ার হোসেন, ফারুক হোসেন, সেতুবন্ধন কামরাঙ্গীরচরের সদস্য আতিক হোসেন প্রমুখ। অবস্থান কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, পানি ও নদীর সঙ্গে বাংলাদেশের জীবন-জীবিকা, পরিবেশ, প্রতিবেশ, ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি সবকিছু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পানির অভাবে নদীকেন্দ্রিক জীবিকা সংকুচিত হচ্ছে। পাশাপাশি জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, শিল্প উন্নয়ন, প্রাকৃতিক বা বাস্তুসংস্থানসহ মানুষের জীবন ও জীবিকা মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। বক্তারা বলেন, জীবনধারণের জন্য পানি অপরিহার্য উপাদান। পৃথিবীর তিন ভাগ পানি, এক ভাগ স্থল। মানুষের শরীরেও তিন-চতুর্থাংশ পানি। মানুষ, অন্যান্য প্রাণী ও উদ্ভিদ সবকিছু পানির ওপর নির্ভরশীল। পান করা ছাড়াও সব ধরনের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পানি ব্যবহৃত হয়। তাই ব্যবহারোপযোগী পানির উৎস নদী, খাল-বিল, পুকুর, জলাশয় দূষণ ও ভরাট রোধ করে সংরক্ষণ ও পানির অপচয় রোধ জরুরি। বাসস|