বুড়িগঙ্গায় টনে টনে শাকসবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ দলের হরতাল-অবরোধ কর্মসূচিতে প্রতিদিন টনে টনে শাকসবজি বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে। শাকসবজি পচে গিয়ে ও দাম কমে যাওয়ায় প্রতিদিন প্রায় ১০ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে শ্যামবাজার এলাকার কৃষিপণ্য আড়তদারদের। এ বাজারে ছোট-বড় কৃষিপণ্যের চার শতাধিক আড়ত ও দোকান রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেল, আড়ত এলাকায় নদীর তীরে টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ধরনের পচা শাকসবজি পড়ে আছে। অনেক আড়তদারকে দেখা গেছে নষ্ট ও পচা শাকসবজি বুড়িগঙ্গায় নিয়ে ফেলতে।
পুরান ঢাকার শ্যামবাজার এলাকার সবজি বিক্রেতা মো. শরীফ উদ্দিন বলেন, ‘হরতাল-অবরোধের কারণে পুঁইশাক সাত-আট টাকা কেজি পাইকারি দরে বিক্রি করছি। গত শনিবার ৩০০ কেজি পুঁইশাক কিনছি। এর মধ্যে প্রায় ৫০ কেজিই নষ্ট হয়ে গেছে। সেগুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছি।’
ফুলকপি বিক্রেতা সুরুজ জামাল বলেন, ‘মাঝারি ধরনের ফুলকপি হরতাল-অবরোধের আগে পাইকারি ৮-১০ টাকায় বিক্রি করেছি। এখন আমদানি কম, তা ছাড়া দু-তিন টাকা দরে ফুলকপি বিক্রি করছি। গত রোববার প্রায় ২০ হাজার টাকার নষ্ট ফুলকপি নদীতে ফেলেছি। এগুলো গরু-ছাগলও খায় না।’
মিষ্টিকুমড়ার পাইকারি বিক্রেতা মোক্তার হোসেন বলেন, ‘দুই মাস আগে ১০০ মিষ্টিকুমড়া ১০-১২ হাজার টাকায় বিক্রি করছি। এখন সেগুলো পাঁচ-ছয় হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। হরতালে ক্রেতা না থাকায় আমাদের কুমড়া নষ্ট হয়ে যাচ্ছে।’
কমলাপুর বাণিজ্যালয়ের ব্যবস্থাপক আ. সাত্তার বলেন, ‘মাস খানেক আগে যেসব লাউ ২০ টাকা পাইকারি দরে বিক্রি করেছি, সেগুলো এখন ১০-১২ টাকা দরেও বিক্রি করতে পারছি না।’
শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতির দপ্তর সম্পাদক হরিদাস জানান, শ্যামবাজার এলাকায় কৃষিপণ্যের চার শতাধিক ছোট-বড় আড়ত ও দোকান আছে। হরতাল-অবরোধে কৃষিপণ্য আমদানি কম হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোর থেকে পান আসা প্রায় বন্ধ হয়ে গেছে। ঢাকার আশপাশ থেকে যতটুকু সবজি আমদানি হয়, তা-ও বিক্রি হচ্ছে না।
শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধে কৃষিপণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া টমেটো, ফুলকপি, বাঁধাকপিসহ সব ধরনের সবজিচাষি ও আড়তদার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি আরও বলেন, টানা দুই মাসের বেশি হরতাল-অবরোধের কারণে শুধু শ্যামবাজার কৃষিপণ্য ব্যবসায়ীরা প্রতিদিন গড়ে ১০ লক্ষাধিক টাকার লোকসান গুনছেন।