বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু, নারীর আত্মহত্যা
রাজধানীর পোস্তগোলায় গতকাল সোমবার বুড়িগঙ্গা নদীতে ডুবে আঁচল আক্তার (৮) নামের এক শিশু মারা গেছে। সে পোস্তগোলার করিমউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে প্রতিবেশী পাঁচ-ছয়জন শিশুর সঙ্গে পাশেই নদীতে গোসল করতে যায় আঁচল। গোসলের একপর্যায়ে আঁচল পানিতে ডুবে যায়। তার সঙ্গে থাকা শিশুদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা আড়াইটার দিকে সে মারা যায়।
ঢাকা মেডিকেলে এসে আঁচলের বাবা মকবুল হোসেন মেয়ের লাশ শনাক্ত করেন। তিনি জানান, পাঁচ বছর আগে আঁচলের মা মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকে আঁচল তার দাদির সঙ্গে পোস্তগোলায় থাকত।
কীটনাশক পানে নারীর মৃত্যু: নন্দীপাড়ার বটতলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে ময়না বেগম (৪০) নামের এক নারী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। তাঁর ছোট জামাতা শাওন জানান, বটতলায় একিন আলীর বাসায় ভাড়া থাকতেন তাঁর শাশুড়ি। তাঁর স্বামী জাহাঙ্গীর আলম ওই এলাকায় ভিক্ষা করেন। পাঁচ বছর আগে তাঁদের বড় মেয়ে দালালের খপ্পরে পড়ে ভারত যায়। তিন বছর আগে ভারতে অগ্নিকাণ্ডে ওই মেয়ে মারা যায়। এ নিয়ে স্বামীর সঙ্গে ময়না বেগমের প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে ময়না কীটনাশক পান করেন।