বুড়িগঙ্গায় রাতে কার্গো ও যাত্রীবাহী ট্রলার চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতে বালুবাহী কার্গো ও যাত্রীবাহী ট্রলার চলাচল করছে। এগুলোর বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

২০১২ সালের ২৯ এপ্রিল নৌপরিবহন অধিদপ্তর থেকে রাতে নির্ধারিত কিছু নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়। এতে বলা হয়, সকল বালুবাহী, মাটিবাহী, ইটবাহী ট্রলার, ড্রেজার, ইঞ্জিনচালিত নৌকা রাতে চলাচল বন্ধ থাকবে। এ ধরনের নৌযান শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলাচল করবে।

১২ জুন গভীর রাতে বুড়িগঙ্গায় বালুবাহী কার্গোর (বাল্কহেড) ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। পরে ১৪ জুন সদরঘাটে বর্ধিত টার্মিনাল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রীও রাতে কার্গো ও যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সদরঘাট ও ওয়াইজঘাট এলাকায় দেখা যায়, এ সময়ে ১২টি বালুবাহী কার্গো সদরঘাটের দিক থেকে দ্রুতগতিতে গাবতলীর দিকে যাচ্ছে। এ ছাড়া ওয়াইজঘাট থেকে কেরানীগঞ্জ ইস্পাহানি ঘাট, খোলামোড়া, কামরাঙ্গীরচর ঘাটে চলাচল করছে যাত্রীবাহী ট্রলার। চলাচল করছে বালুবাহী কার্গোও। এ সময় সদরঘাট ও ওয়াইজঘাট এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি বা পুলিশকে দেখা যায়নি। নৌপরিবহন অধিদপ্তরেরই দায়িত্বশীল সূত্রমতে, পোস্তগোলার দিক থেকে সদরঘাট হয়ে গাবতলী পর্যন্ত প্রতি রাতে দুই শতাধিক কার্গো চলাচল করে।

যোগাযোগ করা হলে নৌপরিবহন অধিদপ্তরের সদরঘাট কার্যালয়ের প্রকৌশলী ও জরিপকারক মির্জা সাইফুর রহমান বলেন, নিষিদ্ধ হলেও এ ধরনের কার্গো বা ট্রলারকে ধরতে কোস্টগার্ড ও নৌ পুলিশের সহায়তা প্রয়োজন। ঈদের আগে ও পরে সাত দিন করে সমন্বিতভাবে এগুলোর বিরুদ্ধে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।

এ-সংক্রান্ত হিসাব থেকে জানা যায়, ২০১৫ সালের ২ এপ্রিল বুড়িগঙ্গায় রাতে ট্রলারডুবিতে আট যাত্রী মারা যান। একই বছরের ১২ ডিসেম্বর আলীরটেকে মারা যান পাঁচজন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ছয়জন শ্রমিক মারা যান। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে কেরানীগঞ্জে ট্রলার ডুবে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটে। সূত্র জানায়, বালু বা পণ্যবাহী কার্গোগুলোর বেশির ভাগের বৈধ লাইসেন্স নেই। এ ছাড়া যাত্রীবাহী ট্রলারগুলোর কোনোটিরই রেজিস্ট্রেশন নেই। অধিদপ্তরের হিসাবে ৫০টির মতো ট্রলার রাতে বুড়িগঙ্গার এপার-ওপারে চলাচল করে। খেয়ানৌকায় ইঞ্জিন লাগালে হয়ে যায় ট্রলার। প্রধানত, ট্রলারে ৮ থেকে ১৮ জনের জায়গা হয়। কিন্তু যাত্রী ওঠানো হয় অর্ধশতাধিক।

 নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম বলেন, ছোট নৌযানগুলোর দুর্ঘটনা এখন অনেকটা অপ্রতিরোধ্য। অধিদপ্তরের অধীনে ‘নৌশুমারি’বিষয়ক একটি প্রকল্পের কাজ চলছে। এই শুমারি হলে বোঝা যাবে, কোন অঞ্চলে কতগুলো নৌযান আছে। এটা শেষ হলে সার্বিক একটা পরিকল্পনা নেওয়া যাবে। তখন দেখা যাবে বিষয়টিকে কীভাবে আইনের আওতায় আনা যায়।