বুড়িচংয়ে ট্রাকের চাপায় ৪ নারী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলার দরিয়ারপাড় এলাকায় গত সোমবার গভীর রাতে পীরের সঙ্গে সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় চার নারী নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৩২), আবদুর রাজ্জাক মুন্সির স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম (৫০) ও প্রয়াত সেকান্দর আলীর স্ত্রী জাহানারা বেগম (৬৫)।
দরিয়ারপাড় এলাকার অন্তত তিনজন ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার বারেশ্বর পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়িতে মাহফিল ও জিকির হয়। রাত ১২টার দিকে জিকির শেষে নোয়াপাড়া গ্রামের কয়েকজন হেঁটে বাড়ির দিকে রওনা হন। রাত ১টা ৫ মিনিটে তাঁরা বুড়িচং উপজেলার দরিয়ারপাড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাঁদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সাতজন নারী আহত হন।
এ সময় তাঁদের পেছনে থাকা হাফেজ মো. আবুল কাশেম ঘটনাটি দেখে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে রাশেদা বেগমের মরদেহ উদ্ধার করেন। অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমা, মনোয়ারা ও জাহানারাকে মৃত ঘোষণা করেন। বুড়িচং থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ট্রাকের চাপায় চার এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।