বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধার পানিশালা সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)৷ গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁকে আটক করা হয়৷
তাঁর নাম জবেদ আলী (৩৫)৷ তিনি বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা৷
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল ভোরে বাংলাদেশের ১০-১২ জন গরু ব্যবসায়ী মাস্টারপাড়া সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার দিয়ে ভারতের পানিশালা গ্রাম এলাকায় যান৷ ভারতীয় ব্যবসায়ীর কাছ থেকে গরু নিয়ে ফেরার সময় ভারতের কোচবিহার ১০৪ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের ধাওয়া করেন৷ এ সময় অন্যরা পালিয়ে এলেও জবেদ বিএসএফের কাছে ধরা পড়েন৷
স্থানীয় ব্যক্তিরা জানান, বিএসএফ জবেদকে বেধড়ক পিটিয়ে মেখলিগঞ্জ সদর থানার পুলিশের কাছে সোপর্দ করেছে৷
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আলম খান বাংলাদেশি আটকের কথা স্বীকার করে বলেন, বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে৷