বুড়িমারী স্থলবন্দর ও জুড়ীতে চিকিৎসা দল কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশ ভারতে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে ছয় সদস্যের একটি চিকিৎসা দল বসানো হয়েছে। তবে দলটির কাছে সোয়াইন ফ্লু শনাক্ত করার কোনো যন্ত্রপাতি নেই। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর অভিবাসন তদন্তকেন্দ্রেও চিকিৎসা দলের কার্যক্রম শুরু হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছয় সদস্যের চিকিৎসা দলের প্রধান পাটগ্রাম উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু মুসা। তাঁর নেতৃত্বে ২৮ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা লোকজনের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম শুরু হয়।
চিকিৎসক আয়ুব আলী সরকার গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, তাঁদের কাছে সোয়াইন ফ্লু শনাক্তকরণের কোনো যন্ত্রপাতি নেই। এর পরও প্রত্যেক পাসপোর্টধারী ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সোয়াইন ফ্লুর প্রাথমিক লক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তির শরীরে এ ভাইরাসের নমুনা পাওয়া গেলে তাঁকে প্রথমে উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।
লালমনিরহাটের সিভিল সার্জন এ কে এম মোস্তফা কামাল সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সোয়াইন ফ্লুর রোগী পাওয়া গেলে তাঁকে দ্রুত ঢাকায় পাঠানো হবে।
এদিকে কুলাউড়া উপজেলার চাতলাপুর অভিবাসন তদন্তকেন্দ্রে চিকিৎসা দলের কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে আসা লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করে সোয়াইন ফ্লুর রোগী শনাক্তের চেষ্টা করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসা কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) সাঈদ এনামকে প্রধান করে সম্প্রতি চার সদস্যের চিকিৎসা দলটি গঠন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান কবীর চৌধুরী গতকাল সকালে মুঠোফোনে জানান, চাতলাপুর অভিবাসন তদন্তকেন্দ্র দিয়ে ভারত থেকে বিভিন্ন কাজে লোকজন বাংলাদেশে প্রবেশ করেন। চিকিৎসা দলটি তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে সোয়াইন ফ্লু ভাইরাস আছে কি না, তা শনাক্তের চেষ্টা করছে। এখন পর্যন্ত এ ভাইরাসে সংক্রমিত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।