বুড়িমারীতে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে ভারতীয় সর্দারপাড়া সীমান্ত থেকে গতকাল শনিবার বুলবুল আহমেঞ্চদ নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। বুলবুল উপজেলার মঙ্গলিবাড়ী গ্রামের ছৈয়দ আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরের দিকে মঙ্গলিবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশি একদল গরু ব্যবসায়ী ভারতের সর্দারপাড়া গ্রামে গরু আনতে যান। পরে গরু নিয়ে ফেরার সময় ভারতের কোচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় বিএসএফের সদস্যরা বুলবুলকে আটক করেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুস সামাদ জানান, বিষয়টি নিয়ে গতকাল দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে হয়েছে। এ সময় বিজিবি বুলবুলকে ফেরত চায়। তবে বিএসএফ জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই বাংলাদেশিকে তাঁর দেশের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।