ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতিতে ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং এটিএম বুথসেবায় সহায়তা দেওয়া প্রতিষ্ঠানের কোনো কোনো ব্যক্তি জড়িত বলে নিশ্চিত হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রাহকের তথ্য চুরি হয় বুথে যন্ত্র ও ক্যামেরা বসিয়ে বা ব্যাংকের কারও সহায়তায়। কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে ডিবির কর্মকর্তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
বেসরকারি কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীর সংখ্যা প্রায় অর্ধকোটি। ভুয়া কার্ড বানিয়ে জালিয়াতির ঘটনায় ব্যাংক গ্রাহককে ক্ষতিপূরণ দেয়। তাই কার্ডধারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
ডিবি পুলিশ গত ২৩ জুলাই ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতির অভিযোগে রাজধানীতে চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে এই চক্রের প্রধান মো. সেলিম একটি বেসরকারি ব্যাংকের সাবেক প্রধান তথ্যপ্রযুক্তি (আইটি) প্রকৌশলী, মঞ্জুরুল হক ও আসাদুল ইসলাম অপর একটি ব্যাংকের আইটি প্রকৌশলী এবং আরিফ হোসেন খান বেসরকারি বিভিন্ন ব্যাংককে এটিএম বুথসেবা দেওয়ায় সহায়তা করা একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের আইটি প্রকৌশলী। তাঁদের বিরুদ্ধে পল্টন, তেজগাঁও এবং উত্তরা পশ্চিম থানায় ৪০৬, ৪২০, ৪৬৭ ও ৪৬৮ ধারায় মামলা হয়। এগুলো প্রতারণা ও জালিয়াতিসংক্রান্ত ধারা। এসব ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এই চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাগুলো তদন্ত করছে ডিবি।
এই জালিয়াত চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী ডিবির সদ্য বিদায়ী অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ওই চারজন জানিয়েছেন, ব্যাংকের কারও কারও যোগসাজশে এবং বুথে গোপনে যন্ত্র বসিয়ে তথ্য নিয়ে তাঁরা প্রায় ৩৫০টি ভুয়া ক্রেডিট ও ডেবিট কার্ড বানিয়ে সেগুলো দিয়ে গত তিন বছরে প্রায় কোটি টাকা তুলেছেন। তাঁরা ওই সহযোগীদের নামও বলেছেন। এমন কর্মকর্তারা সংশোধন না হলে এই জালিয়াতি প্রতিরোধ করা দুরূহ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই চক্রের চারজনইএকসময় বিভিন্ন ব্যাংককে এটিএম বুথ স্থাপন ও রক্ষণাবেক্ষণে সেবা দেওয়া আইটি প্রতিষ্ঠানে সহকর্মী ছিলেন। এর সুবাদে বিভিন্ন ব্যাংকের তথ্যভান্ডারে সেলিমের প্রবেশাধিকার থাকত। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি তথ্য চুরি করে একটি ব্যাংকের ভুয়া ক্রেডিট কার্ড বানিয়ে দেড় লাখ টাকা তোলায় চাকরি হারান। পরে এভাবে টাকা তোলার পরিকল্পনা করেন। সাবেক ওই তিন সহকর্মী এতে তাঁকে বিভিন্নভাবে সহায়তা করেন।
বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, সাধারণত কোনো গ্রাহক বুথ থেকে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে টাকা তুললে তাঁর মুঠোফোনে খুদে বার্তায় ওই তথ্য জানানো হয়। কোনো গ্রাহকের কার্ড জালিয়াতি করে কেউ টাকা তুললেও আসল কার্ডধারীর মুঠোফোনে খুদে বার্তা যায়। গ্রাহক বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে ব্যাংক পরীক্ষা করে তাঁর হিসাব ঠিক করে দেয় এবং ওই কার্ড বন্ধ করে দেয়।
ডিবি এর আগে ১ জুন ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াত মোশাররফ হোসেন ও শ্রীলঙ্কার নাগরিক মোহনাথারাস পন্নুথারাইকে গ্রেপ্তার করে। মোশাররফ যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করা এবং মোহনাথারাস যুক্তরাজ্যের পাসপোর্টধারী।
জানা গেছে, এর আগেও ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতির অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন।
ব্র্যাক ব্যাংকের সেবামান ও যোগাযোগ বিভাগের প্রধান (হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি) জীশান কিংশুক হক প্রথম আলোকে বলেন, মে মাসে ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করে ডিবি পুলিশে সোপর্দ করা হয়েছে। কার্ড জালিয়াত চক্রের প্রধান সেলিমের ছবিসহ বৃত্তান্ত ব্যাংক কর্তৃপক্ষ ডিবি পুলিশকে দিয়েছিল। তিনি বলেন, জালিয়াতেরা ভুয়া কার্ড বানিয়ে এটিএম বুথ থেকে কোনো গ্রাহকের টাকা তুলে নিলেও ওই গ্রাহককে ক্ষতিপূরণ দেয় ব্যাংক কর্তৃপক্ষ। কারণ, ব্যাংকের নিরাপত্তাব্যবস্থার কারণে এসব ঘটায় গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়া হয়। তাই গ্রাহকের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
জীশান কিংশুক হক বলেন, জালিয়াত চক্রের বিভিন্ন কৌশল ব্যাংক কর্তৃপক্ষের নজরে এসেছে। জালিয়াতি প্রতিরোধে এটিএম বুথের নিরাপত্তাকর্মী ও কার্ড বিভাগের কর্মীদের নানা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কার্ড জালিয়াত চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, জালিয়াতেরা এটিএম বুথে পেনড্রাইভ ও ক্যামেরা স্থাপন করে কার্ডধারীর তথ্য ও পাসওয়ার্ডের পিনকোড চুরি করে। এগুলো দিয়ে ভুয়া কার্ড বানিয়ে টাকা তোলে।
চার কর্মকর্তাকে পুলিশে সোপর্দ: সম্প্রতি গুলশানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে অনিয়মের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক আবু আবদুল্লাহ। পরে ব্যাংকের চার কর্মকর্তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই কর্মকর্তারা ২০০৭ সাল থেকে গত মে মাস পর্যন্ত ২১টি ক্রেডিট কার্ডের বিপরীতে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেন। ব্যাংকের বিভাগীয় তদন্তে তাঁদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগের প্রধান শাহাদত হোসেনকেও ওই মামলায় গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছে ডিবি।