বুথে ঢুকে কৌশলে টাকা স্থানান্তর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুথে ঢুকে কৌশলে একজনের ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) থাকা টাকা নিজের হিসাবে স্থানান্তর করে নিয়েছে এক প্রতারক।

গত ১৬ মে রাজধানীর মিরপুর বেসরকারি একটি ব্যাংকের বুথে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় সাইফুন নাহার নামের ভুক্তভোগী এক নারী প্রতিকার চেয়ে ওই ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক বরাবর আবেদন ও কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডি ও আবেদনপত্র অনুযায়ী, গত ১৬ মে সাইফুন নাহার তাঁর ভাগনি তাহিনূর হোসেনকে মিরপুর ১০ নম্বর এলাকায় বেসরকারি ব্যাংকের বুথে টাকা তুলতে পাঠান। তাঁর ভাগনি মেশিনে কার্ড ঢুকিয়ে টাকার অঙ্ক দিলেও টাকা বের হচ্ছিল না। এ জন্য আরেকটি মেশিনে কার্ড ঢোকান তাঁর ভাগনি। তখন ওই বুথের নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিল এক যুবক। ওই যুবক নিজেকে ব্যাংকের লোক পরিচয় দিয়ে তাঁর ভাগনির সমস্যার কথা জানতে চান। সমস্যার কথা বললে ওই যুবক ‘দেখি’ বলে মেশিনে চাপাচাপি করতে থাকে। কিছুক্ষণ পর ওই যুবক ‘টাকা আসবে, অপেক্ষা করেন’ বলে বুথ থেকে বের হচ্ছিলেন। এর মধ্যে মেশিনের পর্দায় টাকা স্থানান্তরের তথ্য আসে।

সাইফুন নাহার বলেন, পরে যাচাই করে দেখি ওই যুবক তার হিসাব থেকে ২৭ হাজার টাকা স্থানান্তর করে নিয়েছে। এ ঘটনায় জিডি করার পর ওই ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপকের সঙ্গে দেখা করেন। ব্যবস্থাপক এক সপ্তাহের মধ্যে টাকার সমন্বয় করে দেবেন বলে আশ্বাস দেন৷

ব্যাংক সূত্রে জানা গেছে, টাকা স্থানান্তরকারী ওই যুবক ঘটনার পরপরই অন্য জায়গার বুথ থেকে ২৭ হাজার টাকা তুলে নেন।