জুমখেতে নেরিকা ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেরিকা মিউট্যান্ট’ নামের একটি নতুন জাতের ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন জুমচাষিরা। স্থানীয় জাতের ধানের তুলনায় আফ্রিকার মরু অঞ্চলের এ ধান সাময়িক অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও কীটপতঙ্গের আক্রমণ প্রতিরোধ করতে পারে। পার্বত্য অঞ্চলে সম্পূর্ণ প্রকৃতিনির্ভর জুম চাষে এই ধানের ফলন আশাব্যঞ্জক বলে কৃষিবিদদের

দাবি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, কৃষি মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের কোনো কোনো অঞ্চলের পরিবেশের কথা মাথায় রেখে আফ্রিকা থেকে নেরিকা মিউট্যান্ট বা সংক্ষেপে নেরিকা ধানের বীজ সংগ্রহ করেছেন। এ বছর বান্দরবানের সাতটি উপজেলায় ১০ কেজি করে ৮০০ জুমচাষি পরিবারকে পরীক্ষামূলক চাষের জন্য এ ধান দেওয়া হয়েছে।

চিম্বুক, রোয়াংছড়ি ও থানচির জুমচাষিরা জানিয়েছেন, নেরিকা ধান পরীক্ষামূলক চাষে স্থানীয় ‘গ্যালং’, ‘কবরক’ জাতের ধানের চেয়েও উৎপাদন ভালো হয়েছে। এক আড়ি (১০ কেজি) ধানের বীজ বপন করে ৪৫-৫০ আড়ি পর্যন্ত পাওয়া গেছে। যেখানে জুমে উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় জাতের ধানে ৩৫-৪০ আড়ির বেশি পাওয়া যায় না। নেরিকা ধানের বীজ জুমে বপনের পর আগাছা দমনসহ কিছু পরিচর্যা করলে সহজে ফলন পাওয়া যায়।

রোয়াংছড়ির জুমচাষি মিত্রজয় তঞ্চঙ্গ্যা বলেন, অনেক সময় বৃষ্টিপাত কম হলে জুমের ধান মরে যায়। মরে না গেলেও আগা মরা রোগসহ বিভিন্ন রোগব্যাধিতে ও কীটপতঙ্গে আক্রান্ত হয়ে পড়ে। কিন্তু নেরিকা ধান দীর্ঘদিন বৃষ্টি না হলেও কোনো সমস্যা হয় না। রোগব্যাধিও অত্যন্ত কম দেখা গেছে। অন্যান্য ধান বেশি উঁচু হলে পাকার পর সামান্য বাতাসে নেতিয়ে পড়ে। দানা হওয়ার আগে নেতিয়ে পড়লে ওই ধান বিনষ্ট হয়ে যায়। পরীক্ষামূলক চাষে নেরিকা ধান উঁচু হলেও নেতিয়ে পড়ার কোনো লক্ষণ দেখা যায়নি।

রোয়াংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা বলেন, নেরিকা পাহাড়ি জুমে ও সমতলের হালের জমিতে চাষের উপযোগী ধান। এটি জলীয় ও শুষ্ক দুই পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে। এ দেশের আবহাওয়া এই ধান চাষের উপযোগী হওয়ায় আফ্রিকা থেকে কৃষি মন্ত্রণালয় নিয়ে এসেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন বলেন, নেরিকা মিউট্যান্ট পরীক্ষামূলক চাষে সব উপজেলায় ভালো ফলন হয়েছে। আমন প্রণোদনা হিসেবে এবারে ৮০০ জুমচাষিকে ধানের বীজ দেওয়া হয়েছে। জুমচাষিরা এখন নিজেরা বীজ সংগ্রহ করে একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন।