বুদ্ধপূর্ণিমা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। এ দিনে বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ ঘটেছিল।
দিনটি উপলক্ষে দেশজুড়ে বৌদ্ধ-বিহারগুলোতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ, শোভাযাত্রা, আলোচনা সভা। দিনটি উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে ঢাকার সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধবিহারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারেও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বুড্ডিস্ট ফেডারেশন। মিরপুরে শাক্যমুনি বৌদ্ধবিহারেও দিনব্যাপী পিণ্ডদান, ধর্মালোচনা, প্রদীপপূজা, শীল গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপিত হবে।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়: বাসস জানায়, প্রধানমন্ত্রী গতকাল বিকেলে গণভবনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু, গণ্যমান্য ও প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় প্রধানমন্ত্রী সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতা চান৷ বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরো, চট্টগ্রাম বৌদ্ধ কৃষ্টি সংঘের সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরো, রামু কেন্দ্রীয় বৌদ্ধ–বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরো প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সজল কুমার তালুকদার।
রাঙামাটি থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল বৈশাখী পূর্ণিমা উদ্যাপন করেছে রাঙামাটির বৌদ্ধ সম্প্রদায়। এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি শহরের বনরূপা এলাকার মৈত্রী বিহারে শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় দেশ ও বিশ্বের শান্তি, জগতের সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করা হয়। এর আগে সকালে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে মৈত্রী বিহার প্রাঙ্গণ পর্যন্ত বৌদ্ধ সাধক, বিভিন্ন বয়সের বৌদ্ধ নারী-পুরুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।