বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব গৌতম বুদ্ধের জন্মোৎসব বুদ্ধপূর্ণিমা গতকাল মঙ্গলবার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদ্যাপিত হয়েছে। খবর বাসসের৷
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন বিহারে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বুদ্ধপূজা, মহাসংঘদান, মহা অষ্টপরিষ্কারদানসহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি সম্পন্ন হয়। এর মধ্যে জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।
বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ সকাল আটটায় জাতীয় জাদুঘরের সামনে থেকে সম্মিলিত শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা বের করে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারাও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি।