বুদ্ধপূর্ণিমায় সবার মঙ্গল কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব বুদ্ধপূর্ণিমা গতকাল রোববার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ সারা দেশের বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনা, প্রদীপ প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহার থেকে গতকাল সকাল নয়টায় বের হয় শান্তি শোভাযাত্রা। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন এলাকা ঘুরে আবার বৌদ্ধবিহারে ফিরে আসে। দেশ ও জাতির কল্যাণ কামনা করে নগরের বিভিন্ন বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

রাঙামাটি: ধর্মীয় শোভাযাত্রা, আলোচনা সভা, প্রব্রজ্যা গ্রহণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে রাঙামাটি শহরের বিভিন্ন বৌদ্ধবিহারে বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপন করা হয়েছে। বিভিন্ন বিহারে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে গৌতম বুদ্ধের নীতি-আদর্শ অনুসরণের মাধ্যমে হানাহানি, হিংসা-বিদ্বেষ পরিহার এবং পৃথিবীর সব প্রাণীর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়েছে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাঙামাটি শহরতলির রাঙাপানি এলাকার সাধনাপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মতিষ্য মহাথেরোর উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। রাঙাপানি মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নানা ধর্মীয় কর্মসূচি পালন ছাড়াও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৯০০ ব্যক্তি প্রব্রজ্যা (শ্রমণ) গ্রহণ করেন। গতকাল সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠানস্থল থেকে ধর্মতিষ্য মহাথেরোর নেতৃত্বে নতুন প্রব্রজ্যা গ্রহণকারী শ্রমণ ও বিভিন্ন বয়সের কয়েক হাজার পুণ্যার্থী ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে রাঙামাটি শহর প্রদক্ষিণ করেন।

সকাল সাড়ে সাতটায় রাঙামাটির রাজবন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে রাজবন বিহার মাঠ এবং সকাল সাড়ে আটটায় পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যোগে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে কাঁঠালতলী এলাকার মৈত্রী বিহার পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি: ধর্মীয় আনুষ্ঠানিকতা ও শান্তি শোভাযাত্রার মাধ্যমে খাগড়াছড়িতে বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রায় বৌদ্ধ ভিক্ষু ও হাজার হাজার বৌদ্ধ নর-নারী অংশগ্রহণ করেন। খাগড়াছড়ি জেলা শহরে মহাজনপাড়ার সীবলী বৌদ্ধবিহার প্রাঙ্গণ থেকে সকাল সাড়ে আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পার্বত্য ভিক্ষু সংঘ ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিলনপুর বৌদ্ধবিহারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ সুমনালঙ্কার মহাস্থবির, সহসভাপতি শ্রীমৎ চন্দ্রমুনি মহাস্থবির, শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাথোঅং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মহালছড়িতেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মহালছড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য দেন বদানালা বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি স্থবির। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা প্রমুখ। এ ছাড়া জেলায় দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়িতে বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে।

রামুর সীমা বিহার: বুদ্ধপূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা বিহারে হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়। সীমা বিহারের অধ্যক্ষ ও একুশে পদকে ভূষিত সত্যপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মদেশনা দেন করুণাশ্রী ভিক্ষু, শীলপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমুখ। এ সময় দেশ ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করা হয়।

{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাঙামাটি অফিস, খাগড়াছড়ি প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কক্সবাজার}