বুদ্ধস্নান উৎসবে মুখর রামু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোর, নারী-পুরুষ সবার হাতে মঙ্গলজল, কারও হাতে বুদ্ধপূজা, কেউ কেউ মাথায় নিয়েছে থারাপই (ধর্মপূজা)। সবাই দল বেঁধে যাচ্ছে বিহারের দিকে। বিহারের আঙিনায় সুসজ্জিত প্যান্ডেলের নিচে বসানো হয়েছে পবিত্র বুদ্ধমূর্তি। ঢোল, কাঁসরসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে তারা সাধু সাধু বলে পবিত্র বুদ্ধমূর্তির শরীরে ঢালে মঙ্গলজল। এভাবে ঘুরে ঘুরে তারা এক বিহার থেকে অন্য বিহারে গিয়ে বুদ্ধকে স্নান করায়। এ সময় অনেকেই ‘বুদ্ধ বল বল রে, বুদ্ধের মতো এমন দয়াল আর নাই রে’ বলে কীর্তন পরিবেশন করে। চৈত্রসংক্রান্তি উপলক্ষে গতকাল শুক্রবার কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধপল্লি ও বৌদ্ধবিহারগুলোতে এ চিত্র দেখা যায়। উপজেলার প্রায় ৩০টি বৌদ্ধপল্লি ও ২৫টি বৌদ্ধবিহার অন্য রকম আনন্দে মেতে ওঠে। বৌদ্ধধর্মাবলম্বীদের মতে, পুরোনো বছরের সমস্ত গ্লানি, ব্যর্থতা, অপবাদ মুছে, পুরোনোকে বিদায় এবং নতুন বছরের সব কটি দিন মানুষের জীবনে সুখের বারতা বয়ে আনার প্রত্যাশায় প্রতিবছর চৈত্র মাসের শেষ দিন বুদ্ধস্নানের আয়োজন করা হয়। সরেজমিনে দেখা গেছে, হাইটুপি বড়ুয়া পাড়া, শ্রীকুল, দ্বীপ শ্রীকুল, মেরংলোয়া, হাজারীকুল, নাশিকুল, পূর্ব রাজারকুল, উত্তর মিঠাছড়িসহ অন্তত ৩০টি বৌদ্ধপল্লিতে বুদ্ধস্নানের আয়োজন করা হয়। এ ছাড়া এ বছর উপজেলার মেরংলোয়া কেন্দ্রীয় সীমা বিহার, রামু মৈত্রী বিহার, চেরাংঘাটা বড় ক্যাং, লামার পাড়া ক্যাং, হাজারীকুল বোধিরত্নবিহার, রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার, জাদীপাড়া আর্য্যবংশ বৌদ্ধবিহার, উখিয়ারঘোনা জেতবনবিহার, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার, পূর্ব রাজারকুল বৌদ্ধবিহার, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধবিহার, শ্রীকুল রাখাইন বৌদ্ধবিহার, লাং চিং, সাদাচিংসহ বিভিন্ন বৌদ্ধবিহারে এ আয়োজন চলে। এ উপলক্ষে সকালে হাইটুপি বড়ুয়া পাড়ার যুবকেরা সাদা টি-শার্ট পরে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন বিহার ও গ্রামে যায়। অনেকে ক্যাসেট প্লেয়ারে গান বাজিয়ে, রং ছিটিয়ে নেচে-গেয়ে উল্লাস করে। এ ছাড়া চৈত্রসংক্রান্তি উপলক্ষে মেরংলোয়া গ্রামে পাগলের মেলা, হাইটুপি গ্রামে সংঘদান, রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে হিন্দুধর্মাবলম্বীদের চড়কপূজা ও মেলাসহ বিভিন্ন গ্রামে দিনব্যাপী অনুষ্ঠান করা হয়।