সিলেটের বিশ্বনাথ উপজেলায় ক্লাস শেষে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর মুখে স্কচটেপ পেঁচিয়ে হাত-পা বেঁধে আটকে রাখা হয় শৌচাগারে। কিন্তু দুরন্ত বুদ্ধি ও অফুরন্ত সাহসের জোরে বাঁধনমুক্ত হয়ে বাসায় ফিরে আসে শিশুটি। গত বুধবার উপজেলার গ্রিনবার্ড একাডেমিতে এ ঘটনা ঘটে।
শিশুকে আটকে অপহরণের চেষ্টার অভিযোগে পুলিশ গ্রিনবার্ডের অধ্যক্ষ শাহ গিলমান আহমদকে (৩৩) গ্রেপ্তার করেছে। গিলমান, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আবদুস শহিদসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেছেন ওই ছাত্রীর মা।
বিশ্বনাথ থানাহাজতে গতকাল বৃহস্পতিবার পুলিশ ও প্রথম আলোর কাছে গিলমান স্বীকার করেন, এক লাখ টাকা আদায় করতে ওই ছাত্রীকে আটকে রাখা হয়েছিল। কাজটি ঠিক হয়নি।
ওই ছাত্রী বলে, দুপুর একটায় ক্লাস শেষে গিলমান কোচিংয়ের কথা বলে তাকে ছুটি শেষে অপেক্ষা করতে বলেন। সব ছাত্রছাত্রী চলে গেলে গিলমান ও সাবেক শিক্ষক শহিদ তাকে বিদ্যালয়ের দোতলার শৌচাগারে নিয়ে তার মুখে স্কচটেপ পেঁচিয়ে হাত-পা বেঁধে রাখেন। শরীরের পেছনে বোমা রাখা হয়েছে বলে তাকে নড়াচড়া করতে বারণ করেন। নইলে বিস্ফোরণ ঘটবে বলে ভয় দেখান। এ সময় গিলমান-শহিদ তাকে জুস খেতে দিলেও কৌশলে তা ফেলে দেয়। তার মনে হয়েছিল, জুসে অচেতন করার ওষুধ মেশানো হয়েছে।
ছাত্রী জানায়, সে প্রথমে পেছনে বাঁধা হাত পায়ের নিচ দিয়ে মুখের সামনে আনে। হাতের আঙুল দিয়ে স্কচটেপ খোলে। পরে দাঁত দিয়ে হাতের বাঁধন খোলে। হাত দিয়ে খোলে পায়ের বাঁধন। সে ছিপছিপে হওয়ায় শৌচাগারের একটি ভাঙা অংশ নিয়ে কৌশলে বেরিয়ে আসে। পরে পাশের বাড়ির ছাদ দিয়ে নিচে নামে।
ছাত্রীর মা জানান, বিকেল চারটার দিকে তাঁর মেয়ে বাসায় ফিরে সব ঘটনা খুলে বলে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের জানান। তাঁদের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পাওয়ার পর বুধবার গভীর রাতে উপজেলার পুরান বাজারের বাসভবন থেকে গিলমানকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বীকার করেছেন, এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য ওই ছাত্রীকে শৌচাগারে আটকে রেখে অপহরণের ঘটনা সাজাতে চেয়েছিলেন।