বুদ্ধিজীবী কবরস্থানে আওরঙ্গের দাফন
শরীয়তপুর-১ আসনের সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গকে গতকাল রোববার ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।এর আগে গতকাল রোববার সকালে তাঁর ঢাকার বাসভবন কাঁঠালবাগান, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং শরীয়তপুর ও ডামুড্যায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জানাজায় সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এখানে বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উল্লাহ আওরঙ্গকে গার্ড অব অনার প্রদান করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর তাঁর মরদেহ নির্বাচনী এলাকা শরীয়তপুরে নিয়ে আসা হয়। মরদেহ শরীয়তপুরে পৌঁছালে সর্বস্তরের মানুষ তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানান।হেলিকপ্টারযোগে তাঁর মরদেহ বেলা তিনটায় গ্রামের বাড়ি ডামুড্যায় নিয়ে যাওয়া হয়। মরদেহের সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই কে এম আলমগীর, ছোট ভাই শহিদ খান ও শিশুপুত্র অর্জন। এখানে প্রথমে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে এবং পরে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে সাবেক এই সাংসদ ও মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।শরীয়তপুরের জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ অংশ নেন।গত শনিবার এক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ দলটির সহযোগী সংগঠনের আরও ৫ নেতা নিহত হন।