বুদ্ধিজীবী দিবসে ‘আলোর মিছিল’
সবার হাতে মোমবাতি। মোমবাতির আলোয় সন্ধ্যারাতের আঁধার কেটে আলোকিত ছিল আশপাশ। শুরু হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ অভিমুখে পদযাত্রা। সন্ধ্যার আঁধারে ঢাকা শহীদ বেদিতে মোমবাতির আলোয় শ্রদ্ধাঞ্জলি দিয়ে স্মরণ করা হয় বিজয়ের প্রাক্কালে শহীদ বুদ্ধিজীবীদের। গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতিবারের মতো এবারও ‘শুভশক্তির উন্মেষে আলোর মিছিল’ করে সিলেটের সাংস্কৃতি সংগঠন শ্রুতি।সন্ধ্যার পরপরই নগরের পুরান লেন থেকে আলোর মিছিল বের হয়। ব্যস্ততম জিন্দাবাজার সড়ক হয়ে চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে অংশ নেওয়া সবার হাতে থাকা প্রজ্বালিত মোমবাতি শহীদ বেদিতে রেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল। আলোর মিছিলে সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। আলোর মিছিল সমন্বয় করেন শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত।