বুদ্ধিজীবী নিধনের দায়িত্বে ছিলেন মুঈনুদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের আগস্টে মুক্তিযুদ্ধের সমর্থক বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করা হয়। ডিসেম্বরে আলবদর বাহিনী এই পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। প্রকাশিত তথ্যমতে, মুঈনুদ্দীন এই হত্যাকাণ্ড পরিচালনার দায়িত্বে এবং আশরাফুজ্জামান এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। আনিসুজ্জামান গত বছরের ১৪ মে ট্রাইব্যুনাল-১-এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। বানবন্দিতে আনিসুজ্জামান বলেন, একাত্তরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রিডার ছিলেন। ২৫ মার্চের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েক দিন প্রতিরোধের কাজে যুক্ত ছিলেন। ২৫ এপ্রিল ভারতের আগরতলায় এবং সেখান থেকে ১৫ মে সপরিবারে কলকাতায় যান। কলকাতায় প্রথমে বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থী শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ গঠনের কাজে যুক্ত হন। পরে তিনি বাংলাদেশের প্রথম সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য পদে যোগ দেন। তিনি বলেন, দেশ স্বাধীনের পর ১৭ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার বিষয়ে সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন। তিনি ১৯৭২ সালের ৮ জানুয়ারি সপরিবারে ঢাকায় ফিরেন। পরদিন তিনি তাঁর দুই শহীদ শিক্ষক মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরীর পরিবারের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে দেখা করেন। ওই সময় মোফাজ্জল হায়দারের স্ত্রী সৈয়দা মনোয়ারা চৌধুরী তাঁকে বলেন, ‘আপনাদের ছাত্ররাই আপনার স্যারকে (মোফাজ্জল হায়দার) নিয়ে গেছে।’ তিনি মোফাজ্জল হায়দারের ছোট ভাই অধ্যাপক লুৎফুল হায়দার চৌধুরীর কাছে শোনেন, একাত্তরের ১৪ ডিসেম্বর তাঁর (লুৎফুল) বাসা থেকে মুখে রুমাল বাঁধা কয়েকজন যুবক মোফাজ্জল হায়দারকে ধরে নিয়ে যায়। ওই যুবকদের মধ্যে সামনের যুবকটির মুখের রুমাল একপর্যায়ে খুলে গেলে মোফাজ্জল হায়দার তাঁকে বলেন, ‘মুঈনুদ্দীন, তুমি?’ মুঈনুদ্দীন আবার মুখে রুমাল বাঁধতে বাঁধতে বলেন, ‘জি, আপনি আমার সঙ্গে যাবেন, কোনো ভয় নেই।’

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, মুঈনুদ্দীন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র ও দৈনিক পূর্বদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ১৯৬৯ সালে অল্প দিনের জন্য মুঈনুদ্দীনকে ছাত্র হিসেবে পেয়েছিলেন। মুঈনুদ্দীন ও তাঁর সঙ্গীরা মোফাজ্জল হায়দারকে নিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি। তাঁর লাশও খুঁজে পাওয়া যায়নি। তবে তাঁকে যে অপহরণ করে ঢাকার শারীরিক প্রশিক্ষণ কলেজে রেখে অত্যাচার করা হয়, এ বিষয়ে তিনি দেলোয়ার হোসেন নামের একজনের বিবৃতি পড়েছেন ও টেলিভিশনে সাক্ষাৎকার দেখেছেন। এই দেলোয়ারকেও আলবদররা হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে অপহরণ করে শারীরিক প্রশিক্ষণ কলেজে আটকে রেখে নির্যাতন করেছিল। ওই সময় তিনি বুদ্ধিজীবীদের নির্যাতন করা দেখেন, তবে অলৌকিকভাবে দেলোয়ার বেঁচে যান। মোফাজ্জল হায়দারকে অত্যাচার করে হত্যা করা হয় এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

জবানবন্দিতে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ১৯৭২ সালের জানুয়ারিতে এবং পরে দৈনিক পূর্বদেশ, দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক প্রভৃতি পত্রিকায় চৌধুরী মুঈনুদ্দীনের ছবিসহ যেসব সংবাদ প্রকাশিত হয়, তা থেকে জানা যায়, মুঈনুদ্দীন আলবদরের অপারেশন ইনচার্জ ছিলেন এবং মোফাজ্জল হায়দারসহ আরও অনেক বুদ্ধিজীবীকে অপহরণ ও হত্যায় প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন। ওই সময় আশরাফুজ্জামানের বাসা থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়, যা ‘জল্লাদের ডায়েরি’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ওই ডায়েরিতে অনেক বুদ্ধিজীবীর নাম পাওয়া যায়, যাঁদের মধ্যে অধ্যাপক মোফাজ্জল হায়দারসহ বেশ কয়েকজনের নাম ছিল। তাঁরা ১৯৭১ সালের ডিসেম্বর মাসে অপহূত, নিখোঁজ ও শহীদ হন।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তিনি নাগরিক সমাজের পক্ষ থেকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করে আসছেন। সংবাদপত্র থেকে প্রকাশিত সূত্র এবং ওই সময় উদ্ধার হওয়া দলিলপত্র থেকে জেনেছেন, একাত্তরের আগস্টে মুক্তিযুদ্ধের সমর্থক বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করা হয়। ডিসেম্বরে আলবদর বাহিনী এই পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। তাঁদের মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবীদের হত্যা করা এবং এভাবে বাংলাদেশকে মেধাশূন্য করা। পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী শক্তি হিসেবে আলবদর বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং প্রকাশিত তথ্যমতে মুঈনুদ্দীন এই হত্যাকাণ্ড পরিচালনার দয়িত্বে ছিলেন। পত্রপত্রিকায় প্রকাশিত সূত্রমতে, তিনি জেনেছেন, আশরাফুজ্জামান খান আলবদরের চিফ এক্সিকিউটর হিসেবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ১৯৭৯ সালের আগস্ট মাসের একদিন তিনি বই লেখার জন্য পড়তে লন্ডনে ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে গিয়েছিলেন। তখন মুঈনুদ্দীনকে ওই লাইব্রেরির পাঠকক্ষে ঢুকতে দেখেন। মুঈনুদ্দীনও তাঁকে দেখেন। তিনি বুঝতে পারেন, মুঈনুদ্দীন তাঁকে অনিচ্ছা সত্ত্বেও সালাম দেন। কিছুক্ষণ পর তিনি দেখেন, মুঈনুদ্দীন নেই। পরে নিবন্ধন খাতায় মুঈনুদ্দীনের নাম দেখেন, কিন্তু নামের পাশে ঠিকানা লেখা ছিল না। মুঈনুদ্দীন যে টেবিলে বসেছিলেন সেখানে গিয়ে দেখেন, মুঈনুদ্দীন একাত্তরের স্টেটসম্যান পত্রিকার মাইক্রো ফিল্ম কপি দেখছিলেন।

জবানবন্দি শেষে আনিসুজ্জামানকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। আইনজীবী মত (সাজেশন) দেন, মোফাজ্জল হায়দার চৌধুরীসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না। জবাবে আনিসুজ্জামান বলেন, এটা সত্য নয়।

আনিসুজ্জামানকে জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।