বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণে বরাদ্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় সারা বছরই অযত্ন, অবহেলা আর অরক্ষিত অবস্থায় থাকে রায়েরবাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ১৪ ডিসেম্বর এলেই স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের জন্য ঘষামাজার কাজ শুরু হয়। গতকাল তোলা । ছবি: প্রথম আলো
প্রায় সারা বছরই অযত্ন, অবহেলা আর অরক্ষিত অবস্থায় থাকে রায়েরবাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ১৪ ডিসেম্বর এলেই স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের জন্য ঘষামাজার কাজ শুরু হয়। গতকাল তোলা । ছবি: প্রথম আলো

প্রতিবারই শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে কথাটা ওঠে। প্রচারমাধ্যমে আসে রায়েরবাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবহেলিত অবস্থার ছবি। ১৪ ডিসেম্বরের আগে আগে একে ঘষামাজা করে সাফসুতরো করা হয়। মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত এ রকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার জন্য নিজস্ব তহবিল না থাকাই এর কারণ।
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে ১৮ কোটি টাকা খরচ করে ১৯৯৯ সালে রায়েরবাজার বধ্যভূমিতে নির্মাণ করা হয়েছিল স্মৃতিসৌধ। কিন্তু নির্মাণের পর থেকেই দৃষ্টিনন্দন এ সৌধটির রক্ষণাবেক্ষণে যথাযথ ব্যবস্থা নেই।
গত সোমবার দুপুরে এলাকায় গিয়ে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় বরাবরের মতোই সর্বত্র অযত্ন আর অবহেলার চিহ্ন দেখা যায়। সৌধ এলাকায় আছেন একজন মাত্র প্রহরী। শামসুজ্জামান নামের একজন কর্মী বলেন, বস্তির ছেলেরা যখন-তখন ঢুকে পড়ে। তাদের বাধা দিয়েও কোনো কাজ হয় না।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নির্মাণের পর থেকেই এভাবে শুধু ১৪ ডিসেম্বর ঘিরে পরিচ্ছন্নতা অভিযান চলে। সারা বছর আর কোনো খবর থাকে না।
খোঁজ নিয়ে জানা গেছে, রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণে সরকার কোনো টাকা দেয় না। সৌধের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তর। এ বাবদ তাদের নিজস্ব কোনো তহবিল নেই। অন্য তহবিল থেকে টাকা নিয়ে দিবসের আগে এটি ঘষামাজা করা হয় মাত্র।

গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণে আজ পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।

বরাদ্দের জন্য কোনো আবেদন করা হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, আবেদন করেও কোনো লাভ নেই। তবে গণপূর্ত অধিদপ্তর নিজস্ব অন্য স্থাপনাগুলো পরিষ্কারের মতো বুদ্ধিজীবী দিবসের আগে সৌধ চত্বর ঘষামাজা করার জন্য অর্থ সংগ্রহ করে। এর জন্য আলাদা কোনো তহবিল করা যায়নি।

সৌধের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, সীমাবদ্ধতা থাকায় সেখানে একজনের বেশি প্রহরী দেওয়া যায়নি। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ও এ জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ আছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত হিসেবে দায়িত্ব পাওয়া মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী শাজাহান খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মাত্র কদিন আগে দায়িত্ব পাওয়ার কথা উল্লেখ করে সাবেক মন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন। সম্প্রতি বিদায় নেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার আগেই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। তার পরও আমরা চেষ্টা করেছিলাম, গণপূর্ত অধিদপ্তরের অধীনে রেখেই রক্ষণাবেক্ষণে বিশেষ করে প্রকল্প গ্রহণ করে আর্থিক সহায়তা দিতে। কিন্তু বধ্যভূমির মূল আবহ নষ্ট হবে, এমন কথা বলে অধিদপ্তর রাজি হয়নি।’

এ বিষয়ে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, তারা এ ধরনের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি।

স্মৃতিসৌধের দুই স্থপতির একজন জামী-আল সাফী বলেন, এই স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণে সরকার কোনো অর্থ বরাদ্দ করে না, এটা আশ্চর্য বিষয়। কারণ, এখানে নিয়মিত সরকারি বরাদ্দ রাখা অন্য অনেক খাতের চেয়ে জরুরি। সারা বছর অবহেলায় রেখে শুধু বুদ্ধিজীবী দিবসে সৌধ এলাকা ঘষামাজা করলেই এর মর্যাদাকে সম্মান করা হলো না।