বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ্ণচূড়াগাছের ছায়ায় রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পূর্ব দিকটি কিছুটা আবৃত থাকলেও বছরের দু-তিনটি দিন ছাড়া সব সময়ই থাকে অপরিচ্ছন্ন। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের প্রাক্কালে গতকাল শুক্রবার সকালে ছবিটি তুলেছেন নাসির আলী মামুন
কৃষ্ণচূড়াগাছের ছায়ায় রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পূর্ব দিকটি কিছুটা আবৃত থাকলেও বছরের দু-তিনটি দিন ছাড়া সব সময়ই থাকে অপরিচ্ছন্ন। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের প্রাক্কালে গতকাল শুক্রবার সকালে ছবিটি তুলেছেন নাসির আলী মামুন

পরের দিনটি যে শহীদ বুদ্ধিজীবী দিবস, সেটি বোঝা যায় মূল তোরণের সামনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রবেশপথ আজ অন্যদিনের মতো খোলা নয়। লোহার ভিড়িয়ে রাখা দরজার নিচ দিয়ে সোপান উপচে নেমে আসছে পানি। সঙ্গে ছুটে আসছে বহু মানুষের হাঁকডাকের শব্দ। বাইরে থেকেই চোখে পড়ে পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতা। ৩০-৪০ জন নারী-পুরুষ পরিষ্কার করছেন স্মৃতিসৌধের লাল ইটের মেঝে। একদল ছেঁটে দিচ্ছেন ঘাস। এলাকার কিশোর-কিশোরী যারা না বুঝে অন্যান্য দিনের মতো আজও ভেতরে ঢুকে পড়ছে, হাঁক দিয়ে ওদের বের করে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা।

রক্ষণাবেক্ষণের কোনো পদক্ষেপ নেই। স্মৃতিসৌধ প্রাঙ্গণেই চলে খেলা। গতকাল সকালে স্মৃতিসৌধের অভ্যন্তরে শিশু-কিশোরেরা ক্রিকেট খেলছে। ছবি: নাসির আলী মামুন
রক্ষণাবেক্ষণের কোনো পদক্ষেপ নেই। স্মৃতিসৌধ প্রাঙ্গণেই চলে খেলা। গতকাল সকালে স্মৃতিসৌধের অভ্যন্তরে শিশু-কিশোরেরা ক্রিকেট খেলছে। ছবি: নাসির আলী মামুন

দরজা ঠেলে ঢুকতে প্রথমেই চোখে পড়ে সোপানসারির ওপরের ধাপে লাল ইটের পটে সাদা রঙে লেখা ‘শুভ নববর্ষ’। নতুন বছরকে স্বাগত জানিয়ে এ বাণী কেউ উৎকীর্ণ করেছিল গত চৈত্র বা বৈশাখে। এরপর আট মাস গত হয়েছে, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বর্ষ আবাহন চলছেই।
কিশোর দুই বন্ধু জহিরুল ইসলাম ও জায়েদুল ইসলাম থাকে বেশ কাছেই, জাফরাবাদে। প্রথম জন পড়ে মাদ্রাসায়, দ্বিতীয় জন স্কুলে। এখানে এসেছে পোষা খরগোশকে ঘাস খাওয়াতে। তারা কি জানে, এ জায়গাটার নাম কী? ‘হ্যাঁ, শহীদ বুদ্ধিজীবী।’ শহীদ বুদ্ধিজীবী মানে? তাঁরা কারা? এখানে কী ঘটেছিল? ওরা কি শুনেছে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা? এসব প্রশ্নে ওদের হতবিহ্বল দেখায়।

আজ বুদ্ধিজীবী দিবস, কিন্তু গতকাল দুপুরে চলছিল গাছ কেটে দিবসটি পালনের প্রস্তুতি।  ছবি: নাসির আলী মামুন
আজ বুদ্ধিজীবী দিবস, কিন্তু গতকাল দুপুরে চলছিল গাছ কেটে দিবসটি পালনের প্রস্তুতি। ছবি: নাসির আলী মামুন

ওদের চেয়ে কিছুটা পাকা মনে হলো আরেকটু দূরে বসে থাকা দুই তরুণকে। ওরা এসেছে বড় রাস্তাটার ওপারের ওই মহল্লা থেকে। আল আমিন পড়ে সপ্তম আর কাউসার হোসেন চতুর্থ শ্রেণীতে। ওরাও বলল, এ জায়গার নাম ‘শহীদ বুদ্ধিজীবী।’ কেন এই নাম, তার কারণও ব্যাখ্যা করল। অনেক জ্ঞানীগুণী মানুষকে হত্যা করা হয়েছিল এখানে, মুক্তিযুদ্ধের সময়, ১৪ ডিসেম্বরে। আমিন আর কাউসারের কাছে শুধু শহীদদের নামগুলো একাকার হয়ে যায়। ১৯৫২ ঢুকে পড়ে ১৯৭১-এ। তারা বলে, এখানে হত্যা করা হয়েছিল আসাদ, বরকত আর সালামকে।
ময়না এসেছে ঘাসের ওপর ছড়িয়ে থাকা ঝরা ফুল কুড়াতে। সঙ্গে এনেছে ছোট দুই বোন হাসি আর খুশীকে। বুদ্ধিজীবী-হত্যার সব ঘটনা তার ঠোঁটস্থ। ঝরঝর করে সে বলতে থাকে সব। সবশেষে যুক্ত করে কাদের মোল্লার প্রসঙ্গটিও। ‘কাদের মোল্লাও তো অনেক বুদ্ধিজীবীরে মারছে।’ বলে সে, ‘মুক্তিযুদ্ধের সময় তো সে অনেক মাইনষের ক্ষতি করছে। হ্যার লাইগাই তো তার ফাঁসি হইছে।’ অবাক হয়ে জানতে চাই, কার কাছে সে শুনেছে এসব? শুনেছে ওর স্কুলশিক্ষিকার কাছে। কাল ভোরবেলা তো ওরা আসবেও এখানে, স্মৃতিসৌধে ফুল দিতে।
আমরা ভেতরের দিকে উঠে আসি। ধোয়াপাখলার কাজ চলছে সবেগে। পানিতে চারপাশ সয়লাব। একমনে কাজ করছেন আনোয়ারা, দুলেরা, মালিহার মতো নারীকর্মীরা। বসতি তাঁদের আশপাশের এলাকাতেই। কয়েক বছর ধরেই এ কাজটা তাঁরা করে আসছেন। তাঁরা জানেন না, এ জায়গার তাৎপর্য কী। এখানে কাজ করলে কিছু উপার্জন হয়। গত বেশ কিছু দিন কোনো কাজ ছিল না। এখানে কাজ করে তবু কিছু পয়সা এল।

ছবি: নাসির আলী মামুন
ছবি: নাসির আলী মামুন

রোদ মাথার ওপর উঠে এসেছে। আমরা গাছের ছায়ায় বসি। গাছের গায়ে একটি হারানো বিজ্ঞপ্তি। বাকল খুঁড়ে কেউ লিখে রেখেছে নিজের আর প্রেমাস্পদের নামের আদ্যাক্ষর। মাঝখানে পানপাতার মতো হূদয়চিহ্ন। চোখ তুলে দেখি, একজন শ্রমিক ঝাঁকড়ামাথা গাছটির একটি হূষ্টপুষ্ট ডাল কাটার জন্য ভোঁতা দায়ের ওপর গায়ের সমস্ত শক্তি ঢেলে দিচ্ছেন। গাছের এত বড় ডাল কেন কাটতে হচ্ছে? স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মী জানালেন, আজ রাত ১২টা এক মিনিট থেকে যে অনুষ্ঠান শুরু হবে। এ রকম ঘন পাতাঅলা ডাল না কাটলে তো হ্যালোজেন লাইটের আলো বিঘ্নিত হবে।

শহীদ বুদ্ধিজীবী স্মরণ নাকি রাজনৈতিক প্রচার, তা বলে দিচ্ছে এই ব্যানার । ছবি: নাসির আলী মামুন
শহীদ বুদ্ধিজীবী স্মরণ নাকি রাজনৈতিক প্রচার, তা বলে দিচ্ছে এই ব্যানার । ছবি: নাসির আলী মামুন

পাশে ছিলেন লুৎফর রহমান। সাভার থেকে আসা সরকারি চাকুরে। বললেন, ‘কী সুন্দর একটি জায়গা কেমন নোংরা করে রেখেছে! গাছের ডাল কেটেও কেমন অসুন্দর করছে সুন্দর এই পরিবেশটা।’ লুৎফর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখেছেন শুধু ছবিতে। সামনা-সামনি দেখার আকাঙ্ক্ষা তাঁর দীর্ঘদিনের। স্ত্রী আইন পরীক্ষা দিতে এসেছেন ঢাকায়। তাঁকে পরীক্ষাকক্ষে বসিয়ে সেই ফাঁকে ছুটে এসেছেন। গণপূর্ত বিভাগের সেই কর্মী জানালেন, প্রতিবছরই স্মৃতিসৌধে আসা এ রকম মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে।
এক প্রকৌশলীও এসেছেন স্মৃতিসৌধে। সৌধের উঁচু দেয়ালে সাদা সাদা দাগ দেখিয়ে বললেন, ‘ওই নোনা দাগগুলো গন্ধকের। কাছেই তো ট্যানারি। এভাবে এ স্মৃতিসৌধের সৌন্দর্য কত দিন টিকিয়ে রাখা যাবে বলুন। আমরা জিনিস গড়ি, কিন্তু সংরক্ষণ করতে পারি না। এ স্মৃতিসৌধে কোনো ল্যান্ডস্কেপিং হয়নি। ঘাসের অবস্থা অত্যন্ত খারাপ। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কোনো জাদুঘর বা গ্রন্থাগার নেই। নেই এ স্মৃতিসৌধের তাৎপর্য বর্ণনা করা কোনো ফলক।’ নিজের নাম প্রকাশ করতে তিনি সম্মত হলেন না।
অপরাহ্ন ঘনিয়ে আসছে। সরিয়ে নেওয়া হয়েছে খসে পড়া ডাল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আসতে শুরু করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মীদল। বুদ্ধিজীবী দিবসে এখানে লোকের ঢল নামবে। বিজ্ঞাপনের এমন সুযোগ পাওয়া যাবে কোথায়? রাজনৈতিক দলের অঙ্গসংগঠন, নজর পেতে ইচ্ছুক রাজনৈতিক নেতা বা প্রচারকামী কোনো স্কুল। কালো কালো ব্যানারে দ্রুত ঢেকে যেতে শুরু করল স্মৃতিসৌধের বাইরের দেয়াল।
স্মৃতিসৌধের ভেতরে চলছে তখন আরেক প্রস্তুতি। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সাদা ফিতা দিয়ে ঘেরাও করছে বর্গাকার জায়গা। বসাচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের ছবি, বুদ্ধিজীবী-হত্যাকারীদের শাস্তি চেয়ে নানা ফেস্টুন, মুক্তিযুদ্ধের বিচিত্র প্রতীক।
বেরিয়ে আসার সময় দেখি এক তরুণ, মাথায় ‘মহান বিজয় দিবস’ লেখা ফেট্টি বাঁধা, বিতণ্ডা করছে স্মৃতিসৌধের প্রহরীর সঙ্গে। এসেছে গুলশান থেকে। ভেতরে সে যাবেই। সে স্মৃতিসৌধ দেখবে, এর ছবি তুলবে, বন্ধুদের সে ছবি দেখাবে। অনেক দূরে চলে এসেও তাদের বিতর্কের মৃদু আওয়াজ পাওয়া যায়। প্রহরী তাকে ভেতরে যেতে দেবে না। কিন্তু সেও যে স্মৃতিসৌধ না দেখে ফিরে যাবে না।