বুদ্ধিজীবী হত্যা পরিকল্পনায় মুজাহিদ জড়িত নন, দাবি আসামিপক্ষের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ দাবি করেছে, একাত্তরে মুজাহিদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন, এটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার পঞ্চম দিনের মতো যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক এ দাবি করেন। এ সময় কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।
যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক দাবি করেন, মুজাহিদের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসারে বুদ্ধিজীবীদের হত্যা পরিকল্পনার সঙ্গে মুজাহিদ জড়িত ছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের দাখিল করা নথি থেকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনায় মুজাহিদের জড়িত থাকা বা সেখানে উপস্থিত থাকার বিষয়টি প্রমাণিত হয়নি। মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ হলো পরিকল্পনার, কিন্তু রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য থেকেও এটি প্রমাণিত হয়নি।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।