বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে আজহারের আজব ইঙ্গিত
‘১২ ডিসেম্বর ঢাকা শহর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এরপর বুদ্ধিজীবী ভাইদের কারা শহীদ করল, স্বাধীনতার ৪০ বছরেও জাতি তা জানতে পারল না।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য প্রধানত দায়ী করা হয় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী সংগঠন আলবদর বাহিনীকে। জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতা-কর্মীরা ছিলেন এই বাহিনীর সদস্য। মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক গোপন প্রতিবেদনে (ফোর্টনাইটলি সিক্রেট রিপোর্ট অন দ্য সিচুয়েশন ইন ইস্ট পাকিস্তান) দেখা যায়, জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এই বাহিনী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। এ টি এম আজহারসহ জামায়াতের শীর্ষস্থানীয় বর্তমান নেতাদের অনেকেই আলবদর বাহিনীর বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভূমিকা পালন করেন।গতকাল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে আজহার দাবি করেন, বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধের সময় ভারতের মাটিতে যাওয়ার চেয়ে বাংলাদেশে থাকাটাই নিরাপদ মনে করেছিলেন। তাঁরা ভারতের তাঁবেদারি করতে চাইতেন না। এ জন্য বৃহৎ শক্তি তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করেছে। বুদ্ধিজীবী হত্যার বিচারের নামে এখন একটি বিশেষ শক্তিকে (জামায়াতে ইসলামী) অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।সরকারকে উদ্দেশ করে জামায়াতের এই নেতা বলেন, ‘আপনারা একাত্তর সালের গান শোনান, আপনাদের বীরত্বের কথা বলেন। তাতে আমরা উদ্বুদ্ধ হই। কিন্তু আপনারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারলেন না কেন?’ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাংসদ হামিদুর রহমান আযাদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, নূরুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।