বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন মুঈনুদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মুক্তিযোদ্ধা শরিয়তুল্লাহ বাঙ্গালী (৬৪)। জবানবন্দির পর জেরায় তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন সরাসরি জড়িত ছিলেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শরিয়তুল্লাহ বাঙ্গালীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাবিনা ইয়াসমিন।
জবানবন্দিতে শরিয়তুল্লাহ বাঙ্গালী বলেন, তাঁর গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার হাসান গনিপুর গ্রামে। তিনি তাঁর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে আছেন। একাত্তরে তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁর বাড়ি থেকে চার কিলোমিটার দূরে মুঈনুদ্দীনের বাড়ি এবং তাঁকে আগে থেকেই চিনতেন। একাত্তরে দাগনভূঞা বাজারে মুঈনুদ্দীনের বাবা দেলোয়ার হেসেনের একটি গ্রন্থাগার ছিল। তিনি সেখানে মুঈনুদ্দীনকে মাঝেমধ্যে বসতে দেখেছেন। একাত্তরে মুঈনুদ্দীন এলাকায় ইসলামী ছাত্র সংঘের (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন) সদস্যদের নিয়ে সভা করতেন এবং পরিবারের সদস্যদের নিয়ে এলাকায় রাজাকার বাহিনী গঠন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, মুঈনুদ্দীন আলবদর বাহিনীর অপারেশনে ছিলেন বলে তিনি জেনেছেন। ফেনীর কৃতী সন্তান শহীদ সাংবাদিক শহীদুল্লা কায়সার, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীসহ বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের অপারেশনে মুঈনুদ্দীন ছিলেন বলে তিনি শুনেছেন। পত্রপত্রিকা পড়ে জেনেছেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন। তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীনের জড়িত থাকার খবর পেয়ে তিনি ও অন্য মুক্তিযোদ্ধারা ফেনী স্বাধীন হওয়ার পর মুঈনুদ্দীনের বাড়িতে গিয়ে তাঁকে পাননি। তখন মুঈনুদ্দীন ঢাকায় ছিলেন বলে শুনেছেন। দেশ স্বাধীনের পর মুঈনুদ্দীন দেশ ছেড়ে পালিয়ে যান।
শরিয়তুল্লাহ আরও বলেন, জিয়াউর রহমান ও এরশাদের আমলে তিনি মুঈনুদ্দীনকে পুলিশের পাহারায় তিনবার দাগনভূঞায় আসতে দেখেছেন। এক ঈদে মুঈনুদ্দীন বাড়ির পাশের একটি ঈদগাহে ঈদের নামাজ পড়তে চেয়েছিলেন। কিন্তু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তিনি জড়িত থাকায় স্থানীয় মুক্তিযোদ্ধারা তা হতে দেননি। পরে তিনি পুলিশি পাহারায় চলে যান।
জবানবন্দি শেষ হলে শরিয়তুল্লাহকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই। আইনজীবী মত (সাজেশন) দেন, ‘স্বাধীনতার পর মুঈনুদ্দীন দেশ ছেড়ে পালিয়ে যাননি। বৈধভাবেই দেশ ছেড়েছেন।’ জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়। মুঈনুদ্দীনের এক ভাই বিমানবাহিনীতে চাকরি করতেন, তাঁর সহায়তায় মুঈনুদ্দীন পালিয়ে যান।
পরে আইনজীবী আবার মত দেন, ‘বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন না, স্বাধীনতার পর অনুমাননির্ভর তথ্য থেকে আপনি মুঈনুদ্দীন সম্পর্কে জেনেছেন।’ জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন সরাসরি জড়িত ছিলেন।
শরিয়তুল্লাহকে জেরা শেষ হলে এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
আলীমের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা আজ শেষ করার নির্দেশ: একই ট্রাইব্যুনাল বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানকে আসামিপক্ষের জেরা আজ বুধবারের মধ্যে শেষ করতে বলেছেন। গতকাল আলতাফুর রহমানকে পঞ্চম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। আলতাফুর রহমান গত ২৫ জুলাই জবানবন্দি দেওয়া শেষ করেন।