পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রোববার মুঈনুদ্দীনের পক্ষে যুক্তি দেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই। যুক্তিতে তিনি দাবি করেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবীদের অপহরণের পর হত্যা করা হয়েছে এটি সত্য, কিন্তু এ ঘটনায় মুঈনুদ্দীন জড়িত ছিলেন না।
সালমা হাই বলেন, মুঈনুদ্দীন একাত্তরে ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) সমর্থক ছিলেন। তিনি পাকিস্তানি অখণ্ডতায় বিশ্বাস করতেন। কিন্তু তিনি ছাত্র সংঘের সদস্য বা উচ্চ পর্যায়ের কোনো নেতা ছিলেন না। একাত্তরে ছাত্র সংঘের বিভিন্ন কর্মকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন, এমন কোনো নথি রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে দাখিলও করতে পারেনি।
আসামিপক্ষের এই আইনজীবী বলেন, মুঈনুদ্দীন একাত্তরে ‘পূর্বদেশ’ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। ওই সময় তিনি এ কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অপরাধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। সালমা হাই মুঈনুদ্দীনের বিরুদ্ধে আনা সব কটি অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন। এ সময় তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যের বিভিন্ন অসংগতি তুলে ধরে মুঈনুদ্দীনকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আরজি জানান।
আগামীকাল সোমবার এ মামলার অপর আসামি আশরাফুজ্জামান খানের পক্ষে আসামিপক্ষের অপর আইনজীবী আবদুস শুকুর খানের যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে।
এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৫ সেপ্টেম্বর যুক্তি উপস্থাপন শেষ করে।