বুদ্ধিজীবী হত্যার মামলা আছে নিজামী, মুঈনুদ্দীন আশরাফের বিরুদ্ধেও
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ছাড়াও দলটির আমির মতিউর রহমান নিজামী, আলবদর সদস্য চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বাকিদের বিচার চলছে। চৌধুরী মুঈনুদ্দীন যুক্তরাজ্যের লন্ডন ও আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। ট্রাইব্যুনাল তাঁদের পলাতক ঘোষণা করেছেন। একাত্তরে সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যাকাণ্ডে সহযোগিতাসহ ঢাকার মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতা করার অপরাধে গত বুধবার ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের মধ্য দিয়ে স্বাধীনতার ৪২ বছর পর প্রথম বুদ্ধিজীবী হত্যার দায়ে কোনো ব্যক্তির সর্বোচ্চ সাজা হলো। এর আগে শেখ মুজিবুর রহমানের সরকারের সময় আদালত সাংবাদিক সাহিত্যিক শহীদুল্লা কায়সারকে অপহরণকারী আলবদরের নেতা এ বি এম খালেক মজুমদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। দালাল আইনের সীমাবদ্ধতার কারণে অভিযোগ প্রমাণিত হলেও এর বেশি সাজা দেওয়া সম্ভব হয়নি। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করার একই অভিযোগ আছে নিজামীর বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন।
গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১। এর মধ্যে তৃতীয় অভিযোগে বলা হয়, একাত্তরের মে মাসের শুরু থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদর বাহিনীর ক্যাম্প ছিল। নিজামী ওই ক্যাম্পে নিয়মিত যাতায়াত করতেন এবং বুদ্ধিজীবী হত্যাসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র করতেন।
মানবতাবিরোধী অপরাধের আরেক অভিযোগে একাত্তরের ৩০ আগস্ট রাজধানীর নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেলে সুরকার আলতাফ মাহমুদ, গেরিলা যোদ্ধা রুমী, বদি, জালালদের হত্যায় সহযোগিতার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেয়েছেন মুজাহিদ। এই একই ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আছে নিজামীর বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে আনা অষ্টম অভিযোগে বলা হয়েছে, তিনি ও মুজাহিদ যৌথভাবে হত্যায় প্ররোচনা দেন।
নিজামীর বিরুদ্ধে মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ সাক্ষ্য দেন মুক্তিযুদ্ধকালে শহীদ ডা. আবদুল আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী। এ ছাড়া নাখালপাড়ায় হত্যাকাণ্ডের অভিযোগে মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল ও মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজের নিরাপত্তারক্ষী রুস্তম আলী মোল্লা সাক্ষ্য দিয়েছেন। মুজাহিদের বিরুদ্ধে মামলায়ও এ দুজন সাক্ষ্য দেন।
তবে ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সব কটি অভিযোগই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট। গত ২৪ জুন তাঁদের বিরুদ্ধে ১১টি অভিযোগ গঠন করা হয়। তাঁদের বিরুদ্ধে ১৮ জন বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একাত্তরে দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী ও বার্তা সম্পাদক সিরাজুদ্দীন হোসেন হত্যাকাণ্ডের অভিযোগও আছে। এই অভিযোগে ইতিমধ্যে মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আরও যে বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের (পিপিআই) প্রধান প্রতিবেদক সৈয়দ নাজমুল হক, দৈনিক পূর্বদেশ-এর প্রধান প্রতিবেদক এ এন এম গোলাম মোস্তফা, বিবিসির সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ, দৈনিক শিলালিপির সম্পাদক সেলিনা পারভীন, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক সিরাজুল হক খান, ড. মো. মুর্তজা, ড. আবুল খায়ের, ড. ফয়জুল মহিউদ্দিন, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী ও সংবাদ-এর যুগ্ম সম্পাদক শহীদুল্লা কায়সার, ডা. ফজলে রাব্বী ও ডা. আবদুল আলীম চৌধুরী। আবদুল আলীম চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নিজামীর বিরুদ্ধেও রয়েছে।
অভিযোগ গঠনের আদেশ অনুসারে, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান একাত্তরে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় নেতা ও আলবদর বাহিনীর উচ্চপর্যায়ের নেতা ছিলেন। মুঈনুদ্দীন পরিচিত ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ হিসেবে। আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর (প্রধান বাস্তবায়নকারী)’। মুক্তিযুদ্ধের পরপরই এঁরা বিদেশে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের দালাল অধ্যাদেশের অধীনেও বিচ্ছিন্নভাবে কয়েকজন বুদ্ধিজীবী হত্যার বিচার শুরু হয়েছিল। কিন্তু দালাল আইনে বুদ্ধিজীবী হত্যার প্রকৃত বিচার সম্ভব ছিল না।
একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায় বইতে বলা হয়েছে, সাংবাদিক সাহিত্যিক শহীদুল্লা কায়সারকে অপহরণকারী আলবদরের নেতা এ বি এম খালেক মজুমদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও দালাল আইনের সীমাবদ্ধতার জন্য তাঁকে মাত্র সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে তখনকার পত্রপত্রিকায় অনেক লেখালেখিও হয়েছিল। ১৯৭২ সালের ২৩ জুলাই দৈনিক বাংলায় ‘দালাল আইন সংশোধনের প্রয়োজন’ উল্লেখ করে প্রতিবেদন করে।