বুদ্ধিজীবীদের তুলে আনেন মুঈনুদ্দীন, ব্রাশফায়ার করেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী ওমর হায়াত (৭১)। তিনি শহীদ চিকিত্সক মো. মর্তুজার স্ত্রীর বড় ভাই।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওমর হায়াতের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।

জবানবন্দিতে ওমর হায়াত বলেন, একাত্তরে চিকিত্সক মর্তুজাসহ কয়েকজন বুদ্ধিজীবীকে অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন জড়িত ছিলেন। মুঈনুদ্দীনের নেতৃত্বে যাঁদের অপহরণ করা হয় আশরাফুজ্জামান তাঁদের ব্রাশফায়ার করে হত্যা করেন।

ওমর হায়াত আরও বলেন, তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ইউনিভার্সিটি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক হিসেবে অবসর নিয়েছেন। একাত্তরে তিনি পরিবার নিয়ে ঢাকার লালবাগে থাকতেন। তাঁর খালাতো বোন সায়িদা মর্তুজা স্বামী মর্তুজার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের আবাসিক বাসায় থাকতেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে মর্তুজা গোপনে চিকিত্সক ফজলে রাব্বী ও আলীম চৌধুরীকে নিয়ে আহত মুক্তিযোদ্ধাদের শুশ্রূষা করতেন এবং অর্থ দিয়ে সাহায্য করতেন।

ওমর হায়াত বলেন, একাত্তরের ১৪ ও ১৫ ডিসেম্বর ঢাকায় কারফিউ চলছিল। তাঁরা ১৬ ডিসেম্বর খবর পান, আলবদররা তাঁর ভগ্নিপতিকে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে ধরে নিয়ে গেছে। তিনি তাঁর বোনের কাছে শোনেন, ধরে নিয়ে যাওয়ার সময় আলবদররা মর্তুজার মেয়ের শাড়ি দিয়ে তাঁর চোখ বেঁধে কাদামাখা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এর কয়েক দিন পর তিনি বোনের বাসায় যান। সেখানে বোনের কাছে শোনেন, মফিজ নামের একজনকে নিয়ে তাঁদের বাসায় এসেছিলেন পুলিশ কর্মকর্তা সামাদ। মফিজ ছিলেন সেই কাদামাখা মাইক্রোবাসের চালক।

পরে হায়াতের বোনকে সামাদ বলেন, মিরপুরের একটি স্থানে কিছু লাশ পড়ে আছে। সেখানে মর্তুজার লাশ আছে কি না, তা শনাক্ত করতে তিনি সেখানে একজনকে পাঠাতে বলেন। তাঁর বোন (মর্তুজার স্ত্রী) ওমর হায়াতকে সেখানে যেতে বলেন।

রাষ্ট্রপক্ষের ওই সাক্ষী বলেন, ১৯৭২ সালের ৪ জানুয়ারি তিনি, পুলিশ কর্মকর্তা সামাদ, মিত্র বাহিনীর এক মেজর, শহীদ অধ্যাপক ড. সিরাজুল হক খানের ছেলে এনামুল হক খান (রাষ্ট্রপক্ষের সাক্ষী) চালক মফিজকে নিয়ে মিরপুরে যান। মফিজ তাঁদের মাজারের পিছনে একটি বধ্যভূমিতে নিয়ে যান। সেখানে দুটি গর্তের একটি গর্ত খুঁড়লে প্রথমে চিকিত্সক মর্তুজার লাশ পাওয়া যায়। ওই একই স্থান থেকে অধ্যাপক আনোয়ার পাশা, রাশীদুল হাসান, অধ্যাপক ড. সিরাজুল হক খান, সন্তোষ ভট্টাচার্যসহ আরও কয়েকজন বুদ্ধিজীবীর গলিত ও বিকৃত লাশ পাওয়া যায়। স্বজনেরা বুদ্ধিজীবীদের পোশাক, জুতা, বেল্ট, চশমা প্রভৃতি দেখে তাঁদের লাশ শনাক্ত করেন। ওই সময় মফিজ জানান, সেদিন (১৪ ডিসেম্বর) চিকিত্সক মর্তুজাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যার পরিকল্পনায় ছিলেন মুঈনুদ্দীন এবং আশরাফুজ্জামান তাঁদের ব্রাশফায়ার করে হত্যা করেন।

জবানবন্দির শেষ পর্যায়ে ওমর হায়াত বলেন, তাঁর ভগ্নিপতির সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। এ সময় ভগ্নিপতিসহ অন্য বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার চাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

জবানবন্দি শেষে ওমর হায়াতকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুর শুকুর খান ও সালমা হাই।

আইনজীবী প্রশ্ন করেন, তাঁর বোন ও তাঁদের সন্তানেরা কোথায় থাকেন? জবাবে ওমর হায়াত বলেন, বোন তাঁর ছেলের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন ও মেয়ে কানাডায় থাকেন।

আসামিপক্ষের আইনজীবী হায়াতকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বোনের স্বামীর অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না।’ জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’ জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।