বুদ্ধিজীবীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাতে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। খবর ইউএনবির।
গতকাল রাত নয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, এমাজউদ্দীন আহমদ ও আনোয়ারুল্লাহ চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহাম্মদ আবদুর রউফ, সাবেক সচিব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম ইউসুফ হায়দার, মাহবুবউল্লাহ, আবু আহমেদ ও সদরুল আমিন, সাংবাদিক আমানুল্লাহ কবির, রিয়াজউদ্দিন আহমেদ, হাসান মোহাম্মদ ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল রহমান, কবি আল মুজাহিদী ও আবদুল হাই শিকদার এবং চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠতে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানিয়েছে, খালেদা জিয়া দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সিটি করপোরেশন নির্বাচন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, তত্ত্বাবধায়ক সরকার, বিরোধী জোটের আন্দোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।