পরিকল্পনায় নিজামী বাস্তবায়নে আলবদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল নিজামীর নেতৃত্বাধীন আলবদর বাহিনী। বুদ্ধিজীবীদের অনেককেই হত্যার পর রায়েরবাজার এলাকায় ফেলে রাখা হয় l ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন করেছিল নিজামীর নেতৃত্বাধীন আলবদর বাহিনী। বুদ্ধিজীবীদের অনেককেই হত্যার পর রায়েরবাজার এলাকায় ফেলে রাখা হয় l ছবি: সংগৃহীত

কালো সোয়েটার আর খাকি প্যান্ট পরা একদল লোক। সবাই তাদের আলবদর নামে চেনে। যুদ্ধের (মুক্তিযুদ্ধ) শেষ তিন রাত ধরে তারা শিকার খুঁজে ফিরছিল। তাদের লক্ষ্য ছিল, যেসব বাঙালি বুদ্ধিজীবী পাকিস্তান থেকে স্বাধীন হয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের
পক্ষে, তাঁদের খুঁজে বের করে নিশ্চিহ্ন করা।
‘অ্যা জার্নালিস্ট ইজ লিঙ্কড টু মার্ডার অব বেঙ্গলিজ’ শীর্ষক এক প্রতিবেদনে মার্কিন সাংবাদিক ফক্স বাটারফিল্ড এভাবেই একাত্তরের নরঘাতক আলবদর বাহিনীকে চিত্রায়িত করেছিলেন। ১৯৭২ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বাটারফিল্ড আরও লেখেন, অনেকে মনে করেন, যদি যুদ্ধ ওই সময় (১৬ ডিসেম্বর) শেষ না হতো, তবে আলবদরের লক্ষ্য সফল হতো। ইটভাটায় দেড় শ লাশ পড়ে ছিল; আঙুল কাটা, নখ উপড়ে ফেলা হয়েছে। আশপাশের আরও অন্তত ২০টি গণকবরে পুঁতে ফেলা হয়েছে শতাধিক লাশ।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে আলবদর বাহিনীর নৃশংসতা বোঝাতে বাটারফিল্ডের এই বিবরণকেই বেছে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একাত্তরে বুদ্ধিজীবী হত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে ট্রাইব্যুনাল নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, আলবদর বাহিনী যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালিয়েছে, এর ওপর নিজামীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের দাখিল করা বিভিন্ন নথি এবং মৌখিক সাক্ষ্য বিশ্লেষণ করেছেন ট্রাইব্যুনাল। এ প্রসঙ্গে পাকিস্তানি রাজনৈতিক বিশ্লেষক মুসা খান জালাজাইয়ের সেকটারিয়ানিজম অ্যান্ড পলিটিকো-রিলিজিয়াস টেররিজম ইন পাকিস্তান শীর্ষক বই উদ্ধৃত করে ট্রাইব্যুনাল বলেন, ১৯৭১ সালের মে মাসে পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি নিধনযজ্ঞে যোগ দেয় জমিয়তে তলাবা (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘ)। মুক্তিযোদ্ধাদের প্রতিহত করার জন্য ছাত্র সংঘ দুটি আধা সামরিক জঙ্গি বাহিনী গঠন করে: আলবদর ও আলশামস। এ দুটি বাহিনী, বিশেষত আলবদরে যোগ দেয় জমিয়তের বিপুলসংখ্যক সদস্য। এই সিদ্ধান্ত নিয়েছিলেন মতিউর রহমান নিজামী, কারণ তিনি ছিলেন জমিয়তের নাজিম-এ-আলা (প্রধান)।
রাষ্ট্রপক্ষের একাধিক দালিলিক নথি এবং রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্যেও ছাত্র সংঘ ও আলবদরের ওপর নিজামীর নিয়ন্ত্রণের বিষয়টি এসেছে। উপরন্তু, আসামিপক্ষের প্রথম সাক্ষী ও নিজামীর ছেলে নাজিব মোমেন বলেছেন, ১৯৬৬ থেকে ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বাবা ছাত্র সংঘের প্রধান ছিলেন। এসব তথ্যপ্রমাণ থেকে আরও স্পষ্ট হয় যে, নিজামী আলবদর বাহিনী গঠনের অন্যতম হোতা ছিলেন।

রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, এখানে উল্লেখ করা দরকার, ১৯৭১ সালের ১৪ নভেম্বর জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রামে আসামি নিজামীর লেখা একটি প্রবন্ধ ছাপা হয়। ‘বদর দিবস: পাকিস্তান ও আলবদর’ শীর্ষক প্রবন্ধে নিজামী লেখেন, ‘...পাক সেনাবাহিনীর সহযোগিতায় এ দেশের ইসলামপ্রিয় তরুণ ছাত্রসমাজ বদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আলবদর বাহিনী গঠন করেছে।...’ ওই লেখায় মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করে পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য আলবদরদের উৎসাহ দেওয়া হয়। ঊর্ধ্বতন পদে থাকার জন্য আলবদরের করা সব অপরাধের দায় নিজামীর ওপরই বর্তায়।