একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী জাতিকে মেধাশূন্য করতে অন্ধকারে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা এসেছে। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের ৪৫ বছর পরেও দেশে বুদ্ধিজীবীরা রাজনৈতিক মতভিন্নতার কারণে সরকারের প্রতিহিংসার শিকার হয়ে নির্যাতিত হচ্ছেন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন।
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ছিল গতকাল। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আলোচনা সভার আগে বেলুন উড়িয়ে নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
আবদুল্লাহ আল নোমান বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল গণতন্ত্র ও ভোটাধিকার। কিন্তু স্বাধীনতা অর্জনের ৪৫ বছর পার হলেও এখনো গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যেতে হচ্ছে। গণতন্ত্র ও ভোটাধিকার ছাড়া স্বাধীনতা অর্থহীন। স্বাধীন দেশে এখন ভোটাধিকার নেই, মতপ্রকাশের স্বাধীনতা নেই।
মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, মহিলা দলের সাবেক সভাপতি নূরী আরা সাফা প্রমুখ।