বুদ্ধিপ্রতিবন্ধী ৪০ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা
চব্বিশ বছর বয়সী সিলভিয়া রহমান বুদ্ধিপ্রতিবন্ধী। আড়াই বছর বয়সে প্রচণ্ড জ্বর হলে তাঁর এ সমস্যা দেখা দেয়। তবে এ প্রতিবন্ধিতাকে জয় করে সিলভিয়া আন্তর্জাতিক বউচি খেলায় অংশ নিয়ে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছেন। বিশ্বের অন্যান্য প্রতিযোগীর সঙ্গে গ্রিসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ১৩তম বিশেষ অলিম্পিকসে তিনি অংশ নেন। শুধু সিলভিয়া নন, গত ২৩ জুন থেকে ৫ জুলাই দেশের ৪০ জন বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদ বউচি, টেবিল টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে ৩৭টি স্বর্ণপদক, ১৭টি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক জিতেছেন।গতকাল বুধবার দেশের এই কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেয় জাতীয় প্রতিবন্ধী ফোরাম, আন্তর্জাতিক সংগঠন সাইটসেভার্স, প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত এনজিও এনএএসপিডি, এনপিসি বাংলাদেশ ও ভিপস। শাহবাগের কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই ক্রীড়াবিদেরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছ থেকে ক্রেস্ট নেন। চিকি ৎসকের পরামর্শ থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি আহাদ আলী সরকার বক্তব্য দেননি।মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব শিগগির এই খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হবে।সভাপতির বক্তব্যে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম সরকার বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয়কে প্রতিবন্ধী খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজি ৎ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা যারা নিজেদের শারীরিকভাবে সুস্থ দাবি করি, তারা কিন্তু দেশের বাইরে থেকে দেশের জন্য এত বড় সম্মান বয়ে আনতে পারিনি। যাদের প্রতিবন্ধী বলে আমরা অবহেলা করি তারা পেরেছে। ৪০ জন ক্রীড়াবিদ প্রমাণ করেছে, প্রতিবন্ধিতা কোনো সমস্যা নয়।’সংবর্ধনা অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক বাংলাদেশের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী, সাংসদ আসমা জেরিন, ভিপসের সভাপতি মোশাররফ হোসেন মজুমদার, সাইটসেভার্সের দেশীয় পরিচালক ওয়াহিদুল ইসলাম, এনপিসি বাংলাদেশের সভাপতি আমিনুল ইসলাম, এনএএসপিডির সভাপতি ইয়াদ আলী ফকির প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানের শুরু ও শেষে প্রতিবন্ধী শিল্পীদের গান ও প্রতিবন্ধী শিশুদের নাচ সবাইকে মুগ্ধ করে।