বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ অলিম্পিকস স্পোর্টস কমপ্লেক্স হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বুদ্ধিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে খেলাধুলায় সম্পৃক্ত এবং প্রশিক্ষণ, অনুশীলন ও প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য সরকার বিশেষ অলিম্পিকস স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই প্রশিক্ষণকেন্দ্রে বুদ্ধিপ্রতিবন্ধীদের অবস্থা মূল্যায়ন, শনাক্তকরণ, ক্রীড়া প্রশিক্ষণ ও অনুশীলনের পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত স্পেশাল অলিম্পিকস ‘দক্ষিণ এশিয়া ফাইভ-এ সাইড’ ফুটবল টুর্নামেন্ট ২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এসেছি তোমাদের খেলা দেখতে। তোমাদের উচ্চারিত “আমরাও পারি” স্লোগান আমাদেরও অনুপ্রাণিত করে। তাই আমি এসেছি তোমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে।’অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল মো. আবদুল মুবীন, স্পেশাল অলিম্পিকসের চেয়ারম্যান শামিম মতিন চৌধুরী এবং স্পেশাল অলিম্পিকসের প্রতিষ্ঠাতা আশরাফ দৌলা বক্তৃতা করেন। স্বাগতিক বাংলাদেশ ও ভারতের দুটি করে দল এবং পাকিস্তান এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বাংলাদেশে বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য একটি সম্মানজনক অবস্থান তৈরির জন্য বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বিভিন্ন প্রচেষ্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ পর্যন্ত কয়েক হাজার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেমেয়েকে আট ধরনের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে।