গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা
বুদ্ধিমত্তার পাল্লায় জয় ৬৪ বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল বুধবার চারটি জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলাগুলো হলো হবিগঞ্জ, বরিশাল, কুড়িগ্রাম ও শেরপুর। প্রতিযোগিতায় চার জেলার ৬৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুদ্ধিমত্তা দিয়ে চমকে দেয় বিচারকদের। আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২০ শিক্ষার্থী ইয়েস কার্ড পায়।
হবিগঞ্জ ও শেরপুর প্রতিনিধি এবং বরিশাল ও কুড়িগ্রাম অফিস জানিয়েছে বিস্তারিত খবর:
হবিগঞ্জ: জেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয় সকাল সাড়ে আটটায়। ১৬টি স্কুলের ১০৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এমসিকিউ, গেম জোন ও দলীয় উপস্থাপনার মাধ্যমে দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা নির্বাচিত হয় সরকারি বালক উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে বিচারকদের চমকে দেয় প্রাবণ তালুকদার, ইসতিয়াক আহমেদ, ইকবাল হোসেন, আহমেদ জোহান ও আবির হাসান। তারা আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পায়।
বরিশাল: সকাল নয়টায় নগরের বরিশাল ক্লাব মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। তাদের সঙ্গে কণ্ঠ মেলান উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। এরপর শুরু হয় ২০ মিনিটের মেধা যাচাই পরীক্ষা। ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৪ জন শিক্ষার্থী অংশ নেয় প্রতিযোগিতার বিভিন্ন পর্বে। সেরা নির্বাচিত হয় বরিশাল জিলা স্কুল। এই স্কুলের পাঁচ শিক্ষার্থী আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। এরা হলো: দুর্গাপ্রসাদ সরকার, মো. জাওয়াদ হাসান, তাহনিক আহমেদ, সাদমান বিন আহসান ও সামসিল আরেফিন।
কুড়িগ্রাম: শহরের খলিলগঞ্জ এলাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৬টি স্কুলের ১২১ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা নির্বাচিত হয় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে জেসিমা জ্যোতি, নূর-ই-জান্নাত, অর্পিতা সরকার, আরেপিন নাহার ঐশী ও নিশাত নাজনীন বৃষ্টি আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
শেরপুর: পৌর নিউমার্কেটের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি বিদ্যালয়ের ১৩০ শিক্ষার্থী। শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি নিয়ে আইকিউ টেস্ট, সমস্যা সমাধানে ইন্টারনেটের ভূমিকা নিয়ে প্রকল্প উপস্থাপন এবং আইকিউ প্রতিযোগিতায় অংশ নেয়। সেরা বিদ্যালয় নির্বাচিত হয় শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। এই বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অভিজিৎ হোড়, তাসনিমুল হাসান, সাদমান বিন কাওসার, সাদ বিন আসাদ ও পুলক রঞ্জন ভট্টাচার্য আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পায়।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিব, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়।