বুদ্ধির জোরে রক্ষা পেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলা থেকে অপহরণ করা হয়েছিল ১০ বছরের শিশু সায়েমকে। বুদ্ধি খাটিয়ে সে অপহরণকারীদের কবল থেকে রক্ষা পেয়েছে। গত শনিবার রাতে রাজশাহীর একটি হোটেল থেকে পুলিশ তাকে উদ্ধার করে পরদিন সকালে তার আত্মীয়ের কাছে হস্তান্তর করেছে।সায়েম পোরশা উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের আবদুস সামাদের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।সায়েম জানায়, শনিবার বেলা ১১টার দিকে সে বাড়ির কাছের লন্ড্রিতে কাপড় দিতে এসেছিল। এ সময় তিনজন লোক একটি মাইক্রোবাসে করে এসে কৌশলে তাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলে তারা সায়েমের নাক চেপে ধরার পর থেকে তার আর কিছু খেয়াল নেই। রাত আটটার দিকে রাস্তায় গাড়িটি বিকল হয়ে গেলে দুজন নেমে গাড়ি মেরামত করছিল। এ সময় দরজা খোলা পেয়ে সায়েম দৌড়ে বাইরে এসে একটি যাত্রীবাহী বাসে উঠে পড়ে। বাসটি রাতে রাজশাহী পৌঁছায়। এরপর সায়েম নগরের মির্জা হোটেলে গিয়ে রাতে তাকে সেখানে থাকতে দেওয়ার অনুরোধ করে। হোটেলের মালিক সায়েমের কাছ থেকে তার বাবার ফোন নম্বর নিয়ে যোগাযোগ করেন। সায়েমদের বাড়ি থেকে তাদের আত্মীয় রাজশাহী কলেজের ছাত্র শামীমকে খবর দেওয়া হয়। পরে শামীম নগরের বোয়ালিয়া থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে হোটেল থেকে তাকে উদ্ধার করেন। রোববার সকালে সায়েমকে শামীমের কাছে হস্তান্তর করা হয়েছে।বোয়ালিয়া থানার সহকারী উপপরিদর্শক ঈমাম জানান, রাতে নিরাপত্তার কারণে শিশুটিকে দেওয়া হয়নি। সকালে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।