বুদ্ধির জোরে রক্ষা পেলেন তরুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসারের অভাব দূর করার জন্য সৌদি আরব গিয়েছিলেন এক তরুণী। কিন্তু সেখানে গিয়ে তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। শিকার হয়েছেন নির্যাতন-নিপীড়নের। এরপর একদিন তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে তিনি বাড়িতে ফোন দেন। এরপর ওই দেশের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরেছেন। এভাবে তিনি মুক্তি পেয়েছেন যন্ত্রণা থেকে।

গত সোমবার রাতে ওই তরুণী (২০) তাঁর পরিবারের কাছে ফিরে আসেন। ওই তরুণীর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। তরুণীর পারিবারিক সূত্রে জানা গেছে, ওই তরুণীকে পাঁচ-ছয় মাস আগে একই গ্রামের সেকুল মিয়া গৃহকর্মী হিসেবে সৌদি আরবে পাঠানোর প্রস্তাব দেন। বিদেশে পাঠানোর জন্য সেকুল মিয়া তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। বাকি ৩০ হাজার টাকা সেখানে পাঠানোর আগে পরিশোধের কথা হয়।

গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার নয়াপল্টন এলাকার গ্রিন বেঙ্গল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওই তরুণীকে সৌদি আরবের দাম্মাম শহরে পাঠানো হয়। সেখানে পৌঁছার পর জামাল নামের এক ব্যক্তি তাঁকে অপরিচিত একটি জায়গায় নিয়ে যান। সেখানে বেশ কয়েক দিন আটকে রাখার পর তাঁকে সৌদি আরবের চার-পাঁচজন ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই ব্যক্তিরা তাঁকে একটি বাড়িতে আটক রেখে শারীরিক নির্যাতন চালান। একদিন তিনি সুযোগ পেয়ে মুঠোফোনে তাঁর মা-বাবার কাছে ফোন করে বিষয়টি জানান। তাঁর কথোপকথন রেকর্ড করে তাঁর মা-বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি জানান। চেয়ারম্যানের পরামর্শে তাঁরা সম্প্রতি হবিগঞ্জ ও সিলেট সংরক্ষিত নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে বিষয়টি জানান। পরে কেয়া চৌধুরী বিষয়টি সিআইডির ঢাকা সদর দপ্তরকে জানান। এর পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি পুলিশ ঢাকার নয়াপল্টন এলাকার গ্রিন বেঙ্গল ইন্টারন্যাশনাল লিমিটেড ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে ওই কিশোরীকে পাচারের অভিযোগে ট্রাভেল এজেন্সির মহাব্যবস্থাপক (জিএম) মো. শাহজানুর রহমান, পরিচালক এরশাদ উল্লাহ ও আবু তাহেরকে গ্রেপ্তার করে। আবু তাহেরের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ফরিদপুর, শাহজানুরের ফেনীর সোনাগাজী উপজেলার বাগদানা ও এরশাদ উল্লাহর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাতালিয়া গ্রামে। তাঁদের গ্রেপ্তারের সময় ট্রাভেল এজেন্সি থেকে চুনারুঘাটের এক কিশোরীকে উদ্ধার করা হয়। ওই দিনই ওই তরুণীর বাবা এ ঘটনায় বাহুবল থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর পুলিশ তাহের, শাহজানুর রহমান ও এরশাদ উল্লাহকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী সিআইডি ১৪ ফেব্রুয়ারি ওই কিশোরীকে উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট সিআইডির উপপরিদর্শক সুমন মালাকার বলেন, পলাতক সেকুল মিয়াসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওই তরুণী গতকাল শুক্রবার সাংসদ কেয়া চৌধুরীর সঙ্গে দেখা করেন। এ সময় তিনি সাংসদের কাছে অভিযোগ করে বলেন, গ্রেপ্তার হওয়া লোকজনের পক্ষে কিছু ব্যক্তি তাঁদের মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন।