বুধ ও বৃহস্পতিবার ১৮ দলেরহরতাল
আবারও হরতালের কর্মসূচি দিল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। গত রোববার রাতে রাজধানীর শাপলা চত্বরে ‘গণহত্যা’ চালানো হয়েছে—এমন অভিযোগ এনে ৮ মে বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা এবং ৯ মে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা করে হরতালের ডাক দিয়েছে জোটটি।
এ ছাড়া আজ মঙ্গলবার বাদ আসর সারা দেশে গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছে জোট। কেন্দ্রীয়ভাবে এই জানাজা হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ১৮-দলীয় জোট ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকের পর রাতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচির কথা সাংবাদিকদের জানান। তিনি জানান, শাপলা চত্বরের ঘটনা নিয়ে খালেদা জিয়ার সার্বিক বক্তব্য বিবৃতি আকারে গণমাধ্যমে জানানো হবে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধানসহ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।