বুধবার আবার বিক্ষোভ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস আলীকে জীবিত ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি।গতকাল রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল জোটগতভাবে এই কর্মসূচি পালন করবে।মওদুদ বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফেরত, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যদের নিঃশর্ত মুক্তি এবং গুম-খুন-নির্যাতন বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দাবিতে বুধবার দেশের সব মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। বুধবারের মধ্যে দাবি মানা না হলে ওই দিন আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।এর আগে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গত দুই সপ্তাহে পাঁচ দিন হরতালের পর নেতাদের বিরুদ্ধে মামলার পর বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল বিএনপি। হরতালের পর এ নিয়ে তৃতীয় দফা বিক্ষোভ কর্মসূচি দেওয়া হলো। মওদুদ আহমদ অভিযোগ করেন, গতকাল সারা দেশে বিএনপিসহ ১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি পালনকালে ‘আওয়ামী গুন্ডা বাহিনী ও পোষ্য র‌্যাব-পুলিশ বাহিনীর’ নির্মম অত্যাচারে অর্ধশতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। কর্মসূচি পালনকালে অসংখ্য নেতা-কর্মী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন।সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।ন্যাপের মানববন্ধন: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাপ গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করেছে। সংগঠনের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ইলিয়াস আলীকে গত ১৮ দিনেও উদ্ধার করতে ব্যর্থ হয়েছে সরকার। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।