বুধবার থেকে ছাত্র ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ আলমকে লাঞ্ছিত করার ঘটনায় শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন।
মামলার বিবাদীরা হলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। সিরাজুল হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্যসচিব।
এদিকে সিরাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা ও বিশ্ববিদ্যালয় থেকে তাঁর বহিষ্কারাদেশ কাল মঙ্গলবারের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটা প্রত্যাহার না করা হলে আগামী বুধবার থেকে লাগাতার ছাত্র ধর্মঘট করবেন তাঁরা।
গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে ওই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। তবে শিক্ষক সৈয়দ আলমকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল এই কর্মসূচিতে যোগ দেয়নি শিক্ষক সমিতি ও প্রগতিশীল ছাত্রজোট।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন সংগ্রাম পরিষদের নেতারা। সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনের ফটকে প্রায় ৩০টি তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। তবে সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে ঢোকেন শিক্ষকেরা। এ সময় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। সকাল সাড়ে নয়টার দিকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে শহীদ মিনারের মহাসমাবেশে যোগ দেন। কর্মসূচি চলে বেলা একটা পর্যন্ত। সমাবেশের কারণে গতকাল বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি।
সমাবেশে হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, দাবি আদায়ে প্রায় ২৬ দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এখন আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সংগ্রাম পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে প্রশাসন। তাই আগামী মঙ্গলবারের মধ্যে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে বুধবার থেকে লাগাতার ছাত্র ধর্মঘট পালন করবেন শিক্ষার্থীরা।
সমাবেশে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিল্পী ফকির আলমগীর, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতাদের মধ্যে বাচ্চু মিয়া, হেদায়েতুল ইসলাম ও সেলিম ফারুখ, সংগ্রাম পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আল আমিন মাহাদী প্রমুখ বক্তব্য দেন।
বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি। সমিতির সভাপতি আলী আক্কাস বলেন, শিক্ষক সৈয়দ আলমকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকালের সমাবেশে যোগ দেয়নি সমিতি। তবে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে তাঁরা রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান গতকাল সকালে প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ছাত্রলীগের কয়েকজন নেতা বিশ্ববিদ্যালয়ের কিছু আসবাব কেনার কাজ চেয়েছিলেন। এটা না পেয়ে গত বৃহস্পতিবার অধ্যাপক সৈয়দ আলমকে তাঁরা মারধর করেন বলে অভিযোগ রয়েছে। তিনি ৮ মার্চ পর্যন্ত রসায়ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ছিলেন। ওই দিন থেকেই শিক্ষা ছুটিতে চলে যান তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় গত শনিবার বিশ্ববিদ্যালয় থেকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়।