বুধবার থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু

ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের নদীপথে যাত্রী পরিবহনে প্রায় ২০০ লঞ্চ প্রস্তুত রয়েছে। ৩০ আগস্ট (বুধবার) থেকে চালু হবে বিশেষ লঞ্চ সার্ভিস। আজ রোববার ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশ ট্রাফিক দক্ষিণের লালবাগ বিভাগ রোববার সকালে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে যাত্রী হয়রানি রোধ ও যাত্রীসেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়।
সভায় নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান বলেন, লঞ্চে ও ছাদে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না এবং মাঝনদী থেকে খেয়া নৌকাযোগে কোনো অবস্থাতেই লঞ্চে যাত্রী উঠতে দেওয়া যাবে না।
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী বলেন, ২৮ আগস্ট থেকে ঈদের পরবর্তী সাত দিন পর্যন্ত মালবাহী জাহাজ, কার্গো ও বাল্কহেড চলাচল করতে পারবে না। তবে গবাদিপশু বহনকারী নৌযান ও ট্রলার এ নিষেধাজ্ঞার বাইরে। এ ছাড়া সদরঘাট টার্মিনাল ও বুড়িগঙ্গা নদী এলাকায় রোববার থেকে নৌ পুলিশ কড়া নিরাপত্তা জোরদার করেছে।
সভায় জানানো হয়, এবার ঈদে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে ১৯৯টি লঞ্চ চলাচল করবে। এর মধ্যে আগামীকাল সোমবার বেলা তিনটায় একটি নতুন লঞ্চ অ্যাডভেঞ্চার-৫ বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ বছর ঈদুল আজহা উপলক্ষে ছুটি কম। তাই টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় একটু বেশি হতে পারে। ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নদীপথে লঞ্চগামী যাত্রীদের টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। এ ছাড়া সড়কপথে যানজট নিরসনের জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।’
অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান যাত্রী ওঠানো-নামানোর সময়ে হকার উচ্ছেদের কথা বলেন। তিনি বলেন, ওয়াইজঘাটসহ বেশ কয়েকটি খেয়াঘাটে যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, সে জন্য পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি রাখতে হবে।
লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন, নৌ পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফরিদা পারভীন, অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মামুনুর রশীদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, ঢাকা নদীবন্দরের উপপরিচালক মিজানুর রহমানসহ প্রমুখ।