রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় নির্মিত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিপণিবিতানের (আরডিএ মার্কেট) অনেক জায়গায় গত শুক্রবার ফাটল দেখা দেওয়ার পর আগামী বুধবার পর্যন্ত বিপণিবিতানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।ব্যবসায়ীরা দাবি করেছেন, ভবনটির ভিত তিনতলা হওয়া সত্ত্বেও তা চারতলা করা হচ্ছে। এ কারণেই ফাটল দেখা দিয়েছে।ব্যবসায়ীরা অভিযোগ করেন, শুক্রবার সকালে বিপণিবিতানের ছাদে, বিমে ও পিলারের অনেক জায়গায় ফাটল লক্ষ্য করার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর মাইকিং করে বিপণিবিতান বন্ধ ঘোষণা এবং পুলিশ মোতায়েন করা হয়। ওই দিন দুপুরের দিকে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বিপণিবিতান পরিদর্শন করে চতুর্থ তলার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এর পরপরই রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ওই বিপণিবিতান পরিদর্শন করেন। গতকাল দুপুরে নগরে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিলে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, গণপূর্ত বিভাগ, রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী সিটি করপোরেশনের প্রকৌশলীদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত মেয়র বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, অবৈধভাবে তিনতলার ভিত দিয়ে তার ওপর চতুর্থ তলা নির্মাণ শুরু হলে প্রতিবাদের মুখে তা বন্ধ করা হয়েছিল। আরডিএর বর্তমান চেয়ারম্যান এসে আবার তার অনুমতি দিয়েছেন।