বুধবার বিমানে আবার অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ দফা দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর বলাকা ভবনে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদের কার্যালয় ঘেরাও করেছেন প্রতিষ্ঠানটির শতাধিক শ্রমিক ও কর্মচারী। বেলা ১১টা থেকে পর্যন্ত পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে তাঁরা চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেন।

বিমান শ্রমিক লীগের (সিবিএ) সভাপতি মশিকুর রহমান প্রথম আলোকে বলেন, দাবি আদায়ে আগামী বুধবার (৯ জুলাই) বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত বলাকা ভবনে শ্রমিক ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করবেন।

এর আগে গত সোমবার (৩০ জুন) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের নির্বাচিত ইউনিয়ন (সিবিএ) বিমান শ্রমিক লীগ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় ঘেরাও করে। ওই দিন বিমান শ্রমিক লীগের (সিবিএ) সভাপতি মশিকুর রহমান  আজকের কর্মসূচি ঘোষণা করেন। প্রথম আলোকে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

১৪ দফা দাবি

বিমানের জন্য আধুনিক ও বাস্তবসম্মত জনবলকাঠামো তৈরি ও বাস্তবায়ন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রম রক্ষায় অতিসত্বর প্রয়োজনীয় জনবল নিয়োগ, সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রের পোশাকের (ইউনিফর্ম) ভাতা চালু, পাঁচ বছরের বেশি কর্মরত সব অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, অন্যান্য শাখার মতো বিএফসিসির কর্মচারীদের  ভবিষ্যত্ তহবিলব্যবস্থা চালু, পরিপূর্ণ চিকিত্সা-সুবিধা, গোষ্ঠী বিমার ব্যবস্থা করাসহ ১৩ দফা দাবিতে গত ২৫ জুন থেকে আন্দোলনে নামেন কর্মীরা।

বিমানের কর্মীরা গত বছরের জানুয়ারিতে বিভিন্ন দাবিতে কর্মবিরতি, ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। একপর্যায়ে দাবি মেনে নেওয়ার বিষয়ে তত্কালীন বিমানমন্ত্রী ফারুক খান আশ্বাস দিলে কর্মসূচি বন্ধ হয়। ওই প্রেক্ষাপটেই সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদ সভায় এসব দাবি উত্থাপিত হলেও তা পাস হয়নি।