বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল
নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশি হানার প্রতিবাদে ১২ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। নতুন ঘোষণা অনুযায়ী, কাল রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়ে আগামী বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
বিএনপির যুগ্ম মহাসচিব জানান, নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশি হানার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে পূর্বঘোষিত টানা ৭২ ঘণ্টার সঙ্গে আরও ১২ ঘণ্টা বাড়িয়ে ৮৪ ঘণ্টা হরতাল করা হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা এটাই সবচেয়ে দীর্ঘ সময়ের হরতাল। এর আগে সর্বশেষ গত ২৭ থেকে ২৯ অক্টোবর এবং ৪ থেকে ৬ নভেম্বর বিরোধী দল টানা ৬০ ঘণ্টা করে দুই দফা হরতাল পালন করে।
সংবাদ সম্মেলনে রিজভী তাঁর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। নিজের, বিএনপির নেতাদের ও দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তার জন্য গণমাধ্যম, মানবাধিকার কর্মী এবং আইনজীবীদের কাছে সহায়তা চান তিনি।
রিজভী অভিযোগ করেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। রাতে প্রেসক্লাব থেকে বের হওয়ার পর সাদা পোশাকের পুলিশ তাঁকে ধাওয়া করে। কয়েকটি মাইক্রোবাস তাঁর গাড়ি অনুসরণ করে। তবে তিনি গ্রেপ্তার এড়িয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে সক্ষম হন।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সরকার পতনের শেষ সাইরেন বেজে উঠেছে। নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন দমানো যাবে না।
আজ নয়াপল্টানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কাউকে ভেতরে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। কার্যালয়ের ফটকে অবস্থান নিয়েছে সাদা পোশাকের পুলিশ।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট গতকাল বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হরতাল ঘোষণার চার ঘণ্টার মধ্যেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। বিএনপির মোট পাঁচজন নেতাকে গ্রেপ্তার করেছে তারা।
এর মধ্যে সন্ধ্যায় সোনারগাঁও হোটেলের সামনে থেকে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এরপর গুলশানে খালেদা জিয়ার বাসভবন থেকে বের হওয়ার পর রাত একটা ১০ মিনিটে গ্রেপ্তার করা হয় তাঁর উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে। এঁদের সবাইকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে রাখা হয়।
গত রাতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় এবং বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু তাঁরা বাসায় ছিলেন না।
গভীর রাত পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জমিরউদ্দিন সরকার ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের বাসা ঘেরাও করে রেখেছিল পুলিশ। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আটকের চেষ্টা করা হয় বলে জানা গেছে।