বুধবারের বৃষ্টির পানি শুক্রবারেও সরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বুধবারের বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল রাজধানীর তেজকুনিপাড়া-নাখালপাড়া সড়কের একাংশ। গতকালও সরেনি সেই পানি l প্রথম আলো
গত বুধবারের বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল রাজধানীর তেজকুনিপাড়া-নাখালপাড়া সড়কের একাংশ। গতকালও সরেনি সেই পানি l প্রথম আলো

বৃষ্টি হয়েছে গত বুধবার। কিন্তু গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাঁটুপানি জমে ছিল তেজকুনিপাড়া-নাখালপাড়া সড়কের আধা কিলোমিটারজুড়ে। সেই পানি ভেঙেই তিন দিন ধরে চলাচল করছে মানুষ। ভুগছে বাসিন্দারা।
স্থানীয় লোকজন জানান, একবার পানি জমলে তা সরতে কখনো কখনো সপ্তাহ গড়িয়ে যায়। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা। তাই সামান্য বৃষ্টি হলেই শঙ্কিত হয়ে পড়েন এখানকার বাসিন্দারা। হাঁটুসমান পানিতে এলাকাবাসীর সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ে তেজকুনিপাড়া-নাখালপাড়া সড়কে নিয়মিত চলাচলকারী পথচারীদেরও।
জলাবদ্ধতার এই সমস্যা মূলত বিজয় সরণি-তেজগাঁও ওভারপাসের নিচের অংশে; তেজকুনিপাড়া-নাখালপাড়া সড়কের প্রায় আধা কিলোমিটার অংশজুড়ে। সড়কের এই অংশ খানিকটা নিচু। ড্রেনেজ-ব্যবস্থা পুরোপুরি বিকল হয়ে পড়ার কারণে বৃষ্টির পানি সহজে সরতে চায় না। বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে একাধিকবার ধরনা দিলেও কোনো প্রতিকার মেলেনি বলে জানান এলাকাবাসী।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, গত বুধবারের বৃষ্টির পানি সড়কের ওই অংশে আটকে আছে। জলাবদ্ধতার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র দুর্গন্ধ। আশপাশের কয়েকটি ভবনের নিচে থাকা রিজার্ভ ট্যাংকে ওই পচা-দুর্গন্ধময় পানি ঢুকে পড়ায় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের কোথাও কোথাও জমে থাকা পানির পরিমাণ বেশি হওয়ায় অনেকে গাড়ি বের করতে পারছেন না।
এলাকার বাসিন্দা মো. ইয়াকুব আলী চৌধুরী বলেন, ‘আমাদের অবস্থা খুবই করুণ। সারা ঢাকা শুকনা খটখটা, আর তেজকুনিপাড়ায় তিন দিনেও পানি সরে না। ছয় মাস আগে এলাকার ওয়ার্ড কাউন্সিলরকে ডেকে এনে বিষয়টি দেখানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার নাই।’
এ সময় ওই সড়ক দিয়ে মাগরিবের নামাজ পড়ে ফিরছিলেন মুজিবুর রহমান। তিনি বললেন, বায়তুল ফালাহ জামে মসজিদের নিচতলায় পানি। অনেক বাড়ির রিজার্ভ ট্যাংকে পানি ঢুকে গেছে। খাওয়ার পানিও নেই।
স্থানীয় একটি দরজির দোকানের কর্মচারী মোহাম্মদ মাসুদ বলেন, তেজকুনিপাড়া থেকে নাখালপাড়ায় যাওয়ার মূল রাস্তা এটাই। রাস্তায় পানি জমার কারণে দ্বিগুণ ভাড়া দিয়েও রিকশা পাওয়া যায় না।
স্থানীয় লোকজনের মতে, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এলাকার বিকল হয়ে পড়া ড্রেনগুলো পরিষ্কারের ব্যবস্থা করতে হবে সবার আগে। সেই সঙ্গে সড়কটি উঁচু করার ব্যবস্থাও করতে হবে।
এ বিষয়ে কথা বলার জন্য ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।